শারদীয়া উৎসবের মধ্য়ে এমন একটি মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। প্রতিবেশীদের কথায়, হাসিখুশি মেয়েটিকে এভাবে চলে যেতে দেখে বিশ্বাসই হচ্ছে না।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 27 September 2025 09:18
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে মর্মান্তিক ঘটনা। নদিয়ার (Nadia) শান্তিপুর থানার ফুলিয়া সবুজপল্লীর এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী বকাবকির অভিমানে আত্মঘাতী হল। সকালে আমবাগান থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভমিতা মল্লিক (১২)। ফুলিয়ার সবুজপল্লীতে মামার বাড়িতেই বড় হচ্ছিল সে। বাবা-মায়ের বিচ্ছেদের কারণে ছোট থেকেই মামা-মেসোর কাছেই থাকত। ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি নাচগানেও বেশ আগ্রহ ছিল।
পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকেলে বিউটি পার্লারে গিয়েছিল শুভমিতা। ফেরে রাতে। দেরি করে ফেরা নিয়ে বাড়ির লোকজন কিছুটা বকাবকি করে। তবে বেশি কিছু বলেনি। উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায় সে। ভেবেছিল সবাই রাতের ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু শুক্রবার সকালে শুভমিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎই খোঁজ মেলে, পাশের আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়েটির দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।
শুভমিতার পরিবারের সদস্যরা স্তম্ভিত। তাঁদের কথায়, “সামান্য দেরি করে ফেরার জন্য সামান্য বকাঝকা হয়েছিল। কিন্তু অভিমান এত গভীর ছিল যে সে যে এমন ভয়ঙ্কর পদক্ষেপ নেবে, তা ভাবতেই পারিনি।”
শারদীয়া উৎসবের মধ্য়ে এমন একটি মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। প্রতিবেশীদের কথায়, হাসিখুশি মেয়েটিকে এভাবে চলে যেতে দেখে বিশ্বাসই হচ্ছে না। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।