মঙ্গলবার আচমকা লিফটে করে ১৪ তলায় পৌঁছে গেলে তাঁকে আটক করা হয়। তিনি তমলুকের বাসিন্দা বলে জানা গেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 July 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: নবান্নের (Nabanna) ১৪ তলায় হঠাৎ পৌঁছে গেলেন এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)! ঘোরাফেরা করতে দেখে পরে তাঁকে আটক করা হয়। জানা গেছে, তিনি নবান্নেই কর্মরত। তবে মঙ্গলবার আচমকা লিফটে করে ১৪ তলায় পৌঁছে গেলে তাঁকে আটক করা হয় (Detained)। তিনি তমলুকের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রের খবর, এদিন সকালে লিফট ব্যবহার করে প্রথমে ১৩ তলায় যান ওই সিভিক ভলেন্টিয়ার। পরে সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যান ১৪ তলায়। ওই ফ্লোরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দফতর। জানা গেছে, ওই তলার নিরাপত্তারক্ষীরা তাঁকে দেখে প্রথমে জানতে চান যে তিনি কেন সেখানে এসেছেন। সিভিক যা উত্তর দেন তাতে সন্দেহ বাড়ে তাঁদের।
ওই সিভিক ভলেন্টিয়ার জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান! এই বলে তাঁর ঘরের দিকেও যেতে গেছিলেন তিনি। তবে সেখানেই তাঁকে আটক করে নিরাপত্তারক্ষীরা। নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। যদিও কেন বা ঠিক কী কারণে ওই সিভিক ১৪ তলায় গেছিলেন, তার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
নবান্নের মতো জায়গায় যেখানে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা, সেখানে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, ওই সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করা চলছে। তাঁর কথাবার্তা অসংলগ্ন বলে মনে করা হচ্ছে। কেন তিনি এমন করলেন, সেই বিষয়টি খতিয়ে দেখছেন নবান্নের নিরাপত্তা আধিকারিকরাও।