
শেষ আপডেট: 2 November 2023 16:24
দ্য ওয়াল ব্যুরো: সিনেমা নিয়ে বিশেষ কোর্স চালু করছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। অনলাইন কোর্সটির জন্য ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। দু-সপ্তাহের এই কোর্সের ক্লাস হবে প্রতিদিন দু’ঘণ্টা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিসের প্রধান অধ্যাপক মননকুমার মণ্ডল জানিয়েছেন, কোর্সটিতে চলচ্চিত্রের সব কিছু সংক্ষিপ্ত অংশ পড়ানো হবে। পড়ানো হবে বাংলায়। সপ্তাহে দু’দিন বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ক্লাস হবে।
দরখাস্ত নেওয়া হবে ২৯ নভেম্বর পর্যন্ত। ক্লাস হবে ৩ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আপাতত বছরে দু’বার, জুন ও নভেম্বরে চলবে এই কোর্স। কোর্সটির নাম রাখা হয়েছে সিনেমার পাঠশালা।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এবং কালচারাল স্টাডিজ (সিএলটিসিএস)-এর যৌথ উদ্যোগে এই কোর্স চালু করা হচ্ছে। সাড়া পাওয়া গেলে দীর্ঘ মেয়াদের কোর্সের ভাবনাও আছে কর্তৃপক্ষের, জানিয়েছেন এক কর্তা।
তিনি জানান, কোর্সটিতে চলচ্চিত্রের ইতিহাস, চিত্রনাট্য তৈরি, পরিচালনা, ক্যামেরা চালনা, আলো ও শব্দের ব্যবহার, সম্পাদনা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনদের কিছু সিনেমা নিয়ে থাকবে বিশেষ আলোচনা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট —www.wbnsou.ac.in-এ বাকি তথ্য বিস্তারিত পাওয়া যাবে।