
বেতন পাননি, প্রতিবাদে স্ট্রিটলাইট বন্ধ রাখলেন পুরসভার অস্থায়ী কর্মীরা।
শেষ আপডেট: 18 November 2024 22:09
দ্য ওয়াল ব্যুরো: টানা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না পুরসভার অস্থায়ী কর্মীরা। অভিযোগ, এ ব্যাপারে পুর কর্তৃপক্ষকে বারংবার অনুরোধ জানিয়েও লাভ হয়নি। প্রতিবাদে সোমবার থেকে স্ট্রিট লাইট জ্বালানোর কাজ বন্ধ করে দিলেন পুরসভার অস্থায়ী কর্মীরা।
যার জেরে সূর্য পাটে যাওয়ার সঙ্গে সঙ্গে আঁধার নেমে এসেছে চুঁচুড়া পুরসভা এলাকায়। আন্দোলনকারীরা জানিয়েছে, বকেয়া বেতন না মেটা পর্যন্ত তাঁরা শহরের কোথাও স্ট্রিট লাইট জ্বালাবেন না। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে পুরসভার বাসিন্দাদের মধ্যে।
অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া থাকার কথা স্বীকার করে নিয়েছেন পুরসভার সিআইসি জয়দেব অধিকারী। তিনি জানান, পুরসভার অস্থায়ী কর্মীরা বেশ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। প্রতিবাদে তাঁরা এদিন সন্ধে থেকে স্ট্রিট লাইট জ্বালানো বন্ধ করে দিয়েছেন।
এদিকে এভাবে জরুরি পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, পুরসভার উচিত নিজেদের আয় বাড়ানোর দিকে নজর দেওয়া। তা না হলে অস্থায়ী কর্মীরাই বা কীভাবে বিনা বেতনে মাসের পর মাস কাজ করে যাবেন।
সূত্রের খবর, অস্থায়ী কর্মীদের এহেন পদক্ষেপের জেরে পুরসভার তরফে সন্ধেয় জানানো হয়, আগামীকাল মঙ্গলবার তাঁদের একমাসের বেতন দেওয়া হবে। তবে হাতে টাকা না পাওয়া পর্যন্ত কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন কর্মীরা।
এ ব্যাপারে পুরসভার পুরপ্রধানের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, 'পুরসভার কর্মচারীরা যে বেতন পাচ্ছেন না সেটা আমাকে পুরসভার তরফেও জানানো হয়নি। ফলে এব্যাপারে আমার কিছু বলার নেই। তবে জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন।'