চাইনিজ কনসুলেট কলকাতার ডেপুটি কনসাল জেনারেল কুইং ইয়ং সহ ১০ জন প্রতিনিধি এই পুজোর মণ্ডপে হাজির হন। এলাকার শিশুরা ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে তাদের স্বাগত জানান। মণ্ডপে ঢুকে রীতিমতো অভিভূত হয়ে পড়েন তাঁরা।

শেষ আপডেট: 28 September 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গ্রামের পুজো দেখতে এসে চিনা নাগরিকরা ঢাক বাজালেন। আরতি করলেন, আলপনা দিলেন, হাত লাগালেন নাড়ু তৈরিতেও। চুটিয়ে উপভোগ করলেন শারদীয়ার আনন্দ।
কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে গ্রামের পুজো দেখতে হাজির হয়েছিলেন চিনা নাগরিকরা। ষষ্ঠীর সকালে পান্ডুয়ার অজ গাঁ ভুঁইপাড়া বারোয়ারি পুজো কমিটির দুর্গাপুজোয় হাজির হন এই চিনা নাগরিকরা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
চাইনিজ কনসুলেট কলকাতার ডেপুটি কনসাল জেনারেল কুইং ইয়ং সহ ১০ জন প্রতিনিধি এই পুজোর মণ্ডপে হাজির হন। এলাকার শিশুরা ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে তাদের স্বাগত জানান। মণ্ডপে ঢুকে রীতিমতো অভিভূত হয়ে পড়েন তাঁরা। ঢাক বাজান, আলপনা দেওয়ায় লাগান। এমনকি গ্রামের মেয়েদের সঙ্গে নাড়ু তৈরি করতে বসে যান। দেবী দুর্গাকে আরতিও করেন তাঁরা। ছোট ছোট শিশুরা হাতের তৈরি মাটির মূর্তি ও হাতে আঁকা ছবি উপহার হিসেবে তুলে দেন বিদেশিদের হাতে।
ডেপুটি কনসাল জেনারেল কুইং ইয়ং বলেন, ‘‘এখানকার পরিবেশ, পুজোর আচার, মানুষের ভালবাসা সবকিছুই আমার ভালো লেগেছে। আমি এটা খুব ভালভাবে উপভোগ করেছি। জানলাম দুর্গাপুজোয় বাঙালির কাছে নাড়ু একটা স্পেশাল খাবার। এটা আমি তৈরি করতে পেরে খুব ভালো লাগছে। প্রথম তৈরি করলাম। ঢাকও বাজিয়েছি। আমি গ্রামের দুর্গাপুজোয় এই প্রথমবার এলাম। এই অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’’
ষষ্ঠীতে দেবীর বোধনের সময় বিদেশি নাগরিকদের এমন অংশগ্রহণে দারুণ খুশি ভুঁইপাড়ার বাসিন্দারাও।