জুনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 June 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: জুনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা (Heat Weather)। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছেন না হাওয়া বিশেষজ্ঞরা।
এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে (Children Suffering from Heat Weather) মর্নিং স্কুল (Morning School) চালু করার দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিলেন একাধিক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্তারা। তাঁদের কথায়, যেভাবে দিনের বেলা তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে ক্লাসের মধ্যেই বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছেন। আবার বহু স্কুলে পর্যাপ্ত সংখ্যক ফ্যানও নেই। গরমের মধ্যে ক্লাস করতে রীতিমতো নাভিশ্বাস হচ্ছে পড়ুয়াদের। তাই গরমের কারণে ডে স্কুলগুলিকে মর্নিংয়ে করা হোক।
এ ব্যাপারে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, "গরমের বাচ্চাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। তাই জেলার প্রাথমিক স্কুলগুলিকে মর্নিংয়ে করার জন্য পর্ষদের কাছে আবেদন জানানো হয়েছে।"
গ্রীষ্মের ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই স্কুল খুলেছে। এবারে মে মাসের শেষেই অর্থাৎ সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে বলে প্রথমে জানিয়েছিল আবহাওয়া দফতর। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে বর্ষা পিছিয়ে তো গেছেই উপরন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম।
এমন পরিস্থিতিতে ছোট্ট ছোট্ট স্কুল পডুয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। শুধু স্কুলে পড়়াশোনা নয়,প্রতিটি স্কুলে রয়েছে মিড ডে মিল। বহু জায়গায় মিড ডে মিল খাওয়ার জন্য পড়ুয়াদের রোদ্দুরের মধ্যে স্কুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়। এমন অবস্থায় শিক্ষক, অভিভাবক সব মহল থেকেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে চালু করার দাবি উঠছে। এখন দেখার এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী পদক্ষেপ করে।