শুভেন্দুর অভিযোগ, অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপ না করে আদতে নীচুতলার পুলিশ কর্মীদের মনোবলেই আঘাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

শুভেন্দু অধিকারী ও অনুব্রত মণ্ডল।
শেষ আপডেট: 9 June 2025 22:16
দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসিকে (IC Bolpur) অশ্লীল গালিগালাজের ঘটনায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারের দাবিতে সোমবার বোলপুরে ‘নারী সম্মান যাত্রা’ করল বিজেপি।
ওই কর্মসূচি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, "২৬ এর ভোটে ২১ এর পুনরাবৃত্তি হবে না। এবারে তৃণমূলের বিদায় ঘটিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় বসার এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে।"
গত ২৯ মে, বৃহস্পতিবার সন্ধে থেকে সোশ্যাল মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা সম্পর্কে নোংরা কথা বলেন অনুব্রত মণ্ডল। যা শুনে পুলিশ ও প্রশাসনের অন্দর আন্দোলিত হয়ে যায়।
ঘটনার পর ১২ দিন অতিক্রান্ত হয়ে গেলেও অনুব্রতর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এফআইআর রুজু হলেও তাঁকে স্রেফ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, মাথার ওপর স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর হাত থাকায় অনুব্রত ইস্যুতে চুপ রয়েছে পুলিশ।
এদিনের মিছিল এবং সভা থেকে এ ব্যাপারে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁরা বলেন, যেভাবে আইসির মা ও স্ত্রীকে উদ্দেশ্য করে অনুব্রত নোংরা ভাষা ব্যবহার করেছেন, তাতে বাংলার প্রতিটি মহিলাই অসম্মানিত হয়েছেন। ক্ষমতায় এলে কেষ্টকে জেলে ভরে এর বিচার হবে।
শুভেন্দুর অভিযোগ, অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপ না করে আদতে নীচুতলার পুলিশ কর্মীদের মনোবলেই আঘাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই অনুব্রতর মতো নেতাদের গ্রেফতার করে পুলিশের নীচুতলার মনোবলও ফেরানো হবে।
বোলপুরে অনুব্রতর খাসতালুকে এদিন মিছিল করে বিজেপি। তবে এ ব্যাপারে পুলিশ বা অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।