
শেষ আপডেট: 2 October 2023 14:57
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ডেঙ্গি, ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যেই এবার অন্য বিপদ গ্রাস করছে বীরভূমে। সিউড়ি ২ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামের শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছে গ্রামবাসীদের মধ্যে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
ওই ব্লকের অবিনাশপুর গ্রামপঞ্চায়েতের হরিশপুর, ভোলাইপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, যারা আক্রান্ত হচ্ছে, তাদের বয়স ১২ থেকে ২০ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই কিশোরী ও তরুণী। দু-একজন তরুণও রয়েছে।
গ্রামবাসীদের দাবি, প্রায় একমাস ধরে ৪০ থেকে ৫০ জন কিশোর-কিশোরী এই সমস্যার সম্মুখীন হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হল তা এখনও বুঝতে পারেননি গ্রামবাসীরা। প্রকৃত কারণ এখনও অজানা থাকায় এই আতঙ্কের আবহ তৈরি হয়েছে এলাকাগুলিতে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
আক্রান্তদের পরিবারের দাবি, একই সঙ্গে পরিবারের তিন থেকে চারজন আক্রান্ত হচ্ছে অজানা এই সমস্যায়। শ্বাস নিতে কষ্ট হতে শুরু করলেই হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সিউড়ি সদর হাসপাতাল ও বর্ধমান হাসপাতালেও অনেকে তাঁদের ছেলে-মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ব্লক স্বাস্থ্য দফতর থেকে কয়েকদিন আগেই মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল। কিন্তু চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেও শ্বাসকষ্টের কারণ নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেননি। তাঁরা জানিয়েছেন, পুর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারবেন না।
সিউড়ি ২ নম্বরের বিএমওএইচ জানিয়েছেন, মেয়েদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। রক্ত বা অন্যান্য পরীক্ষায় অস্বাভাবিক কিছু পাওয়া যাচ্ছে না তাই রোগের কারণ নির্ধারণ করতে অসুবিধা হচ্ছে।