সাত মাসের শিশুকে বিছানা থেকে কে তুলে নিয়ে যেতে পারে, মাথায় আসছিল না প্রতিবেশীদের। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন শিশুর বাবা। কান্নার রোল ওঠে ঘরে।

শেষ আপডেট: 8 November 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: এখনও এক সপ্তাহ হয়নি, বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েরা। শুক্রবার দিনভর শিলিগুড়ি উচ্ছ্বাসে ভেসেছে। কারণ বিশ্বজয় করে ঘরে ফিরেছেন রিচা ঘোষ। ঠিক সেই দিনই দুপুরবেলা পাশের এলাকা আলিপুরদুয়ারে বাড়ির ভিতর থেকে উধাও হয়ে যায় এক শিশুকন্যা! শিশুর মায়ের কান্নায় এই খবর জানতে পারেন পড়শিরা।
সাত মাসের শিশুকে বিছানা থেকে কে তুলে নিয়ে যেতে পারে, মাথায় আসছিল না প্রতিবেশীদের। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন শিশুর বাবা। কান্নার রোল ওঠে ঘরে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই যে ভয়ঙ্কর সত্যি সামনে এসেছে, তার জন্য প্রস্তুত ছিলেন না প্রায় কেউ। পুলিশ জানিয়েছে, জেরায় নিজের শিশুকন্যাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন মা।
শুক্রবার শিশু উধাওয়ের খবর শুনে আলিপুরদুয়ারের জংশনের সাউথ চেচাখাতা এলাকায় দিনভর স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় পুলিশ। বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ জানিয়েছে, মায়ের কথায় আগাগোড়াই অসঙ্গতি ছিল। কারণ একবার তিনি বলেন, স্নানে যাওয়ার সময় শিশুকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলেন। আবার পরক্ষণেই দাবি করেন শিশুটি তখন খেলছিল। আবার একবার বলেন স্নান করে ফিরে দেখেন শিশু ঘরে নেই। আবার বলেন, স্নান করতে যাওয়ার আগেই তাঁর শিশু নিখোঁজ হয়েছে। কথায় অসঙ্গতি পেয়েই জোরদার জেরা করা হয় তাঁকে। তাতেই ভেঙে পড়েন তিনি। এরপরেই সামনে আসে আসল সত্যি। জেরার মুখে তিনি জানান, সাত মাসের শিশুর গলা টিপে তাকে বাড়ির পাশে ঝোপে ছুড়ে ফেলে দিয়েছেন।
শিশুর বাবা জয়দীপ ঘোষ জানান, শুক্রবার দুপুরে তাঁর বাবাকে খেতে দিয়ে তাঁর স্ত্রী স্নানে যান। তখন বিছানায় শুয়েছিল তাঁদের সন্তান। হঠাৎ তাঁর স্ত্রী, তাঁর বাবাকে জানান মেয়ে ঘরে নেই। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। কেন তাঁর স্ত্রী হঠাৎ এমন কাণ্ড ঘটাল তা নিয়ে তা নিয়ে তিনিও সংশয়ে।
রাতেই ঘরের পিছনের ঝোপে তল্লাশি চালিয়ে সাত মাসের শিশুর দেহ উদ্ধার হয়। এই ঘটনা জানাজানি হতে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় হয়। কোন পরিস্থিতিতে একজন মা আত্মজাকে এমন চরম পরিণতির দিকে ঠেলে দেবেন তা নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। মায়ের মানসিক স্বাস্থ্য ঠিক ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।