রাজ্যের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, একসময় বাংলাকে নিয়ে কুৎসা চলত—‘বাংলায় কিছুই হয় না’। সেই নিন্দাকেই তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 18 December 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে ফের একবার বাংলার বদলে যাওয়া ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chief Minister Mamata Banerjee)। বৃহস্পতিবার শিল্পমঞ্চ থেকে তাঁর স্পষ্ট বার্তা, কিছু মানুষ পরিকল্পিত ভাবে বাংলাকে বদনাম করেন, কিন্তু বাস্তবতা তাঁদের জানা নেই।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমি ক্ষমতায় এসে চ্যালেঞ্জ নিয়েছিলাম, বাংলার ভাবমূর্তি বদলাবই। আজ সেই পরিবর্তন চোখে পড়ছে।”
তিনি জানান, দেশে লজিস্টিক হাব হিসেবে এখন শীর্ষে বাংলা। সেই কারণেই অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা এ রাজ্যে বিনিয়োগ করছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ, পর্যাপ্ত কয়লা, দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত কর্মীর জোগান— এটাই বাংলার ট্যালেন্ট পুল। গত ১৪ বছরে শ্রমদিবস নষ্টের সংখ্যা শূন্য বলেও দাবি করেন তিনি।
শান্তিপূর্ণ রাজ্য হিসেবেও বাংলার অবস্থান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফেক খবর ছড়িয়ে রাজ্যের বদনাম করছে। তাঁর দাবি, রাজ্যে ৯৫টি সামাজিক প্রকল্প চলছে, যা দেশের অনেক রাজ্যেই নেই।
কেন্দ্রের জিএসটি (GST) নীতির সমালোচনা করে মমতা বলেন, “জিএসটির নামে রাজ্য থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে।” পাশাপাশি এজেন্সির নামে ব্যবসায়ীদের ভয় দেখানোর অভিযোগ তুলে শিল্পের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন তিনি। প্রশ্ন তোলেন, “ব্যবসায়ীরা যদি সব সময় আতঙ্কে থাকেন, তাঁরা কাজ করবেন কীভাবে?”
কর্মসংস্থান প্রসঙ্গে তাঁর দাবি, রাজ্যে প্রায় দুই কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। বাংলা ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর হাব হিসেবে চিহ্নিত, আমেরিকা ও ব্রিটেন থেকে বিনিয়োগ আসছে বলেও জানান তিনি। পোশাক ও চর্মশিল্পে দেশসেরা অবস্থান, হাবরা–অশোকনগরে ওএনজিসির কাজ শুরু, গত দু’বছরে রিয়েল এস্টেটে প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ— সবই তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
পর্যটনেও বাংলার উত্থানের কথা বলেন তিনি। চাল উৎপাদনে দেশজুড়ে দ্বিতীয় ও সবজি উৎপাদনে প্রথম স্থানে বাংলার অবস্থান বলেও জানান। শেষে তাঁর বার্তা— “যারা বদনাম করছে, তারা অনেক সত্য জানে না। চুপ থাকা আমাদের আসল অস্ত্র। জেলাসির কোনও ওষুধ নেই।”