শুভেন্দুর অভিযোগ, ভোটের মুখে মেসিকে এনে প্রচারের খরচ তুলতেই ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 17 December 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামে (Yuva Bharati) শনিবারের বিশৃঙ্খলার দায় সরাসরি রাজ্য সরকারের ঘাড়ে চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সদ্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অরূপ বিশ্বাস ও দমকলমন্ত্রী সুজিত বসুর গ্রেফতারের দাবিতে এ দিন তিনি ফের আক্রমণ শানান তৃণমূলকে। শুভেন্দুর অভিযোগ, ভোটের মুখে মেসিকে এনে প্রচারের খরচ তুলতেই ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। ডিজি রাজীব কুমার-সহ একাধিক পদস্থ আধিকারিককে শোকজ করা হয়েছে, গঠন করা হয়েছে চার সদস্যের সিটও। তবু শুভেন্দুর দাবি, এই তদন্তে প্রকৃত সত্য প্রকাশ পাবে না। তাঁর স্পষ্ট বক্তব্য, “রাজ্যের প্রভাবমুক্ত কমিটি না হলে সত্য সামনে আসবে না।”
এ ব্যাপারে ইতিমধ্যে হাইকোর্টে মামলাও দায়ের করেছেন বিরোধী দলনেতা। আগামিকাল বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।
এ দিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু। অভিযোগ, যুবভারতীর সব গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “এত বড় ঘটনা ঘটার পরেও মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এলেন না। বিরোধী দলনেতা হিসেবে আমি দেখতে এসেছিলাম, কিন্তু আমাদের ঢুকতেই দেওয়া হল না।”
শুভেন্দুর দাবি, শনিবার কী ভাবে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হল, তা খতিয়ে দেখতেই তাঁর আসা। কিন্তু রাজ্য সরকার প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চাইছে বলেই বাধা দেওয়া হয়েছে। আরও অভিযোগ, তাঁর আগমনের খবর জানা সত্ত্বেও স্টেডিয়ামের প্রশাসনিক বিভাগের কোনও কর্মকর্তাকেও সেখানে দেখা যায়নি।
গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু মাত্র ২৩ মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়।