অপারেটররা আশ্বাস দিয়েছে, সেই মুহূর্তেই সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, অগ্রগতির তথ্য বিএলও অ্যাপেই রিয়েল-টাইমে পাওয়া যাবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 November 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সার্ভারজনিত সমস্যায় (Server Problem) নজর দিতে টেলিকম পরিষেবা সংস্থাগুলিকে (Telecom) ডেকে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। জিও, এয়ারটেল, বিএসএনএল-সহ মোট আটটি অপারেটরের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন।
কমিশন সূত্রে খবর, এই বৈঠকে জানানো হয়েছে, নির্দিষ্ট এলাকায় ইন্টারনেটের ধীরগতির (Slow Internet) কারণে কোনও বিএলও যদি ফর্ম (Enumeration Form) আপলোড করতে না পারেন, তবে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট অ্যাপে নিজের অবস্থান ও সমস্যার তথ্য পাঠাবেন। অভিযোগ নথিভুক্ত হওয়া মাত্রই ইআরও ও এইআরও স্থানীয় পরিষেবা প্রদানকারী সংস্থাকে বিষয়টি জানাবেন।
অপারেটররা আশ্বাস দিয়েছে, সেই মুহূর্তেই সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, অগ্রগতির তথ্য বিএলও অ্যাপেই রিয়েল-টাইমে পাওয়া যাবে।

এই অ্যাপে রয়েছেন সব জেলার ডিইও-রা। ফলে এমন (সার্ভার স্লো ইত্যাদি) সমস্যার অভিযোগ পেলেই ডিইও-রা নিজেরাই টেলিকম অপারেটর সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করবেন। এমনই নির্দেশ দেওয়া হয়েছে সিইও দফতর থেকে।
এদিকে জানা গেছে, সোমবার রাত আটটায় এসআইআর সংক্রান্ত আপডেটেড সব বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন সিইও মনোজ আগরওয়াল। ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিটি(২৪) জেলার ডিইও(জেলাশাসক), ২৯৪ জন ইআরও।
এদিকে আজই পথে নেমেছে BLO অধিকার রক্ষা কমিটি (BLO Rights Protection Committee )। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল যাওয়ার কথা রাজ্য নির্বাচন দফতরে (Election Commission, West Bengal)। সেখানে দিনভর অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা।
তাঁদের সরাসরি অভিযোগ, অমানবিক কাজের চাপের বিষয়ে বহুবার জানালেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। অত্যন্ত কম সময়ের মধ্যে বিপুল কাজ সামলাতে গিয়ে ভুলভ্রান্তি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে ভুলের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে। ফলে চাপ যেন দ্বিগুণ। মানসিক আতঙ্ক, শারীরিক ক্লান্তি—এসব মিলে বহু অফিসার অসুস্থ হয়ে পড়ছেন। কয়েকজনের ক্ষেত্রে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আত্মঘাতী হওয়ার ঘটনাও সামনে এসেছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি।