পশ্চিমবঙ্গের সব এলাকায় সমান অগ্রগতি হয়নি বলেও ধরা পড়েছে কমিশনের রিপোর্টে। তবে এই তথ্যও সামনে এসেছে যে, ৬ কোটি ৮৭ লক্ষ ফর্ম বুধবার বিকেল পর্যন্ত বিতরণ করা হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 November 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR in West Bengal) অর্থাৎ এসআইআরের (SIR) কাজ পুরোদমে চলছে। মঙ্গলবার পর্যন্ত জানা গেছিল যে, সাড়ে ৬ কোটিরও বেশি ফর্ম বিলি সম্পন্ন হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনও পর্যন্ত ৮৮.০৮ শতাংশ এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করা হয়েছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে বাংলার (West Bengal) হার সর্বোচ্চ। যদিও লাক্ষাদ্বীপে (Lakshadweep) ইতিমধ্যেই ১০০ শতাংশ এবং গোয়াতে (Goa) ৯৯.৯৯ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি সম্পূর্ণ হয়েছে বলে কমিশন জানিয়েছে।
পশ্চিমবঙ্গের সব এলাকায় সমান অগ্রগতি হয়নি বলেও ধরা পড়েছে কমিশনের রিপোর্টে। তবে এই তথ্যও সামনে এসেছে যে, ৬ কোটি ৮৭ লক্ষ ফর্ম বুধবার বিকেল পর্যন্ত বিতরণ করা হয়েছে। কমিশন মনে করছে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রথম পর্যায়ে সব ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিইও অফিস (CEO Office) সূত্রে খবর রাজ্যের প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও ৭৫ শতাংশের নীচে! এই তালিকায় রয়েছে - শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশিপাড়া, রানাঘাট উত্তর-পূর্ব, জগদ্দল, নওয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর-বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর, দুবরাজপুর, শিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি।
এই বিধানসভাগুলিতে (Bidhansabha) এখন ফর্ম বিতরণের গতি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যেই ১০০ শতাংশ ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে। এদিকে যেখানে এখনও ফর্ম বিতরণ সম্পন্ন হয়নি সেইসব এলাকার ইআরওদের সঙ্গে বুধবার রাতেই (দশটার সময়) ভিডিও কনফারেন্সে (Video Conference) বসতে চলেছেন সিইও মনোজ আগরওয়াল বলে সূত্রের খবর।
অন্যদিকে, আধার কার্ড (Aadhaar Card) ইস্যু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে সিইও দফতর। বলা হয়েছে, আধার কার্ড অনুযায়ী যারা মারা গেছেন, তাদের কারও নামে যদি এনুমারেশন ফর্ম ফিল-আপ করা হয়ে থাকে, তাহলে সেই ফর্ম নিয়ে ইআরও সেই ব্যক্তিকে ইন-পার্সন ভেরিফিকেশন করবেন। তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন সেই ফর্মের কী হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার তালিকা সংশোধনের এই ধাপ স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।