দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে গঠিত হবে একটি স্পেশাল টাস্ক ফোর্স। দেশের অর্থনীতিতে কোভিড-১৯ এর ধাক্কা সামলাতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে টাস্ক ফোর্স সিদ্ধান্ত নেবে। সোমবার জানা গেল, খুব শীঘ্রই অর্থনীতির জন্য বড় প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
অর্থমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, কোভিড-১৯ মোকাবিলায় যে সংস্থা অনুদান দেবে তাকে কর্পোরেট সোশাল রেসপন্সবিলিটি হিসাবে ধরা হবে। তিনি টুইট করে বলেন, "কোভিড ১৯ কে অতি মহামারী হিসাবে ঘোষণা করেছে হু। আমাদের দেশে সরকার ওই রোগ সংক্রমণকে বিপর্যয় হিসাবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি দিয়েছে। এখন কোভিড-১৯ মোকাবিলায় যদি কোনও কর্পোরেট সংস্থা দান করে, তবে তারা সামাজিক দায়িত্ব পালন করল বলে ধরা হবে।"
করোনাভাইরাস সংক্রমণের জেরে মন্দার মুখে পড়তে চলেছে বিশ্ব অর্থনীতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে অর্থনীতিকে চাঙ্গা করতে হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন। চিন এবং অন্যান্য দেশও আর্থিক প্যাকেজের কথা ভাবছে।
অর্থনীতিতে যে মন্দা আসতে চলেছে, তার ছাপ ইতিমধ্যেই পড়েছে শেয়ার বাজারে। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সূচক নেমে যায় ১০ শতাংশ। আতঙ্কে ৪৫ মিনিট শেয়ার কেনাবেচা বন্ধ হয়ে যায়। লকডাউনের জেরেই শেয়ার বাজারে এই ধস নেমেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
এদিন সেনসেক্স আগের দিনের চেয়ে ২৩০৭ পয়েন্ট নেমে ২৭,৬০৮.৮০ তে দাঁড়ায়। অপর সূচক নিফটি ৮৪২.৪৫ পয়েন্ট নেমে স্থির হয় ৭৯০৩.০০ এর ঘরে। দিনের শুরুতেই ব্যাঙ্ক, অটো এবং বিভিন্ন ধাতু কোম্পানির শেয়ার বিক্রি করতে চেষ্টা করেন বিনিয়োগকারীরা।
নিফটিতে নথিভুক্ত সংস্থাগুলির মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় ঋণদাতা ১২ টি ব্যাঙ্ক। তাদের মধ্যে এসবিআই, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম পড়েছে গড়ে ১২.৭৪ পয়েন্ট।
করোনাভাইরাসের জেরে বিশ্বের অর্থনীতি মন্দার কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মন্দার ধাক্কা সামলাতে প্রতিটি দেশই কয়েকটি পদক্ষেপ করেছে বটে, কিন্তু তা কতদূর কার্যকরী হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বিনিয়োগকারীরা। এদিন জাপান বাদে অন্যান্য এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে সূচক নেমেছে ৩.৮ শতাংশ। নিউ জিল্যান্ডে সরকার অত্যাবশ্যকীয় পরিষেবা বাদে সব বন্ধ করে দেওয়ায় সেখানে শেয়ার সূচক পড়েছে ১০ শতাংশ। সাংহাইয়ে ব্লু চিপ শেয়ারগুলির দরও কমেছে গড়ে ২.৩ শতাংশ। একমাত্র জাপানের সূচক নিক্কি উঠেছে ০.৮ শতাংশ।