নাড্ডার সঙ্গে কথোপকথনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেওয়া হয়। সূত্রের খবর, সংক্রমণ রুখতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 13 January 2026 16:56
দ্য ওয়াল ব্যুরো: নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণের খবর সামনে আসতেই পশ্চিমবঙ্গে (West Bengal) সতর্কতা জোরদার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলেন। রাজ্যকে প্রযুক্তিগত, পরিকাঠামোগত এবং প্রশাসনিক - তিন ক্ষেত্রেই পূর্ণ সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
নাড্ডার সঙ্গে কথোপকথনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেওয়া হয়। সূত্রের খবর, সংক্রমণ রুখতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নিপা মোকাবিলায় বিশেষজ্ঞদের একটি তালিকা রাজ্যে পাঠানো হয়েছে।

এই তালিকায় রয়েছেন মোট পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক (Specialist Doctors)। তাঁদের মধ্যে কল্যাণী এইমস (AIIMS Kalyani) এবং ভুবনেশ্বর এইমসের (Bhubaneswar AIIMS) অভিজ্ঞ চিকিৎসকরাও রয়েছেন। নজরদারি বৃদ্ধি, নমুনা সংগ্রহের পদ্ধতি, বেড প্রস্তুতির পরিকল্পনা এবং চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্র। এক কথায়, নিপা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
এর আগেই সোমবার নিপা ভাইরাস (Nipah Virus) নিয়ে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক (Nabanna Meeting About Nipah Virus) হয়। সেই বৈঠকের পর মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) জানান, গোটা পরিস্থিতির উপর রাজ্য সরকার সম্পূর্ণভাবে নজর রাখছে। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে কোনও রকম ঢিলেমি দেওয়া হচ্ছে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির উপর সরাসরি নজরদারি করছেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল সংক্রমণ সংক্রান্ত সব দিক খতিয়ে দেখা শুরু করেছে।
মঙ্গলবারও নবান্নে এই বিষয়েই আরও একটি বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিপা সংক্রমণ রোধে কী কী অতিরিক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ শুনেই পরবর্তী কৌশল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে স্পষ্ট করে জানানো হয়েছে, এই মুহূর্তে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের বক্তব্য, আগাম সতর্কতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে কোনও পরিস্থিতিতেই সংক্রমণ ছড়িয়ে না পড়ে।