
পড়াশোনা শিকেয় ওঠায় পথে শিক্ষক ও পড়ুয়ারা
শেষ আপডেট: 29 June 2024 14:00
দ্য ওয়াল ব্য়ুরো: মাস ঘুরতে চলল ভোটপর্ব মিটেছে। কিন্তু এখনও রয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী। তাই ক্লাস হচ্ছে না নিয়মিত। ধৈর্যের বাঁধ ভাঙায় পথে নামলেন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। শোরগোল পড়ল বামনঘাটা হাইস্কুলের মেইন ক্যাম্পাসে।
শিক্ষক ও পড়ুয়াদের অভিযোগ, ক্লাসঘরে এখনও রয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাই দিনের পর দিন ক্লাস হচ্ছে না। পড়াশোনা ঠিকমতো না হওয়ায় পিছিয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা। দিনের পর দিন ক্লাস না হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরাও। স্কুলের প্রধান শিক্ষক জানান, বিষয়টি নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে বারবার দরবার করেছেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়েই শনিবার বেলা ১১টা নাগাদ বাসন্তী হাইওয়ে অবরোধ করে পড়ুয়ারা।
ব্যস্ত বাসন্তী হাইওয়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেএলসি থানার পুলিশ। সোমবারের মধ্যে যাতে স্কুলে পঠনপাঠন শুরু হয়, তার ব্যবস্থা করার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়। কলকাতা পুলিশের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা নজরে আনবেন তাঁরা। স্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এই বিষয়ে শীর্ষস্তরের কর্তাদের উপর দায় চাপিয়েছেন।