প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এমপি-এমএলএরা দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে, তাঁরা সাক্ষাৎ দেননি। উলটে তাঁদের বিরুদ্ধে কেস করা হয়েছে। এমনকী যারা গরিব শ্রমিক, তাঁরা যারা বাসে করে দিল্লি গিয়েছিলেন— তাঁদেরও হেনস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গত চার বছরে এক টাকাও ছাড়েনি কেন্দ্র। অথচ যে টাকা বাংলার প্রাপ্য, তা অন্য রাজ্যে ডাইভার্ট করা হয়েছে। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়?”
মমতার অভিযোগ, “যেদিন থেকে টাকা বন্ধ, সেদিন থেকেই কিন্তু আমাদের লোকজন কাজ করে যাচ্ছেন। সেই সমস্ত সময়ের বকেয়া কেন্দ্রকে পুরোপুরি মেটাতে হবে।”
তিনি বলেন, “আমরা যতদিন কথা দিয়েছি, ততদিন মানুষের পাশে দাঁড়াব। কিন্তু মানুষের পরিশ্রমের দাম বন্ধ করে রেখে, কেন্দ্র বাংলাকে দেউলিয়া করার চেষ্টা করছে। আগামীদিনে বাংলার মানুষই এর জবাব দেবে।"
এই নিয়ে প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে লেখেন, 'আজ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তাতে বাংলায় আবার শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ (MGNREGA)। এই রায় বিজেপির কাছে বড় ধাক্কা। ২০২১-এ বাংলার মানুষ যে রায় দিয়েছিল, বিজেপি তা মেনে নিতে পারেনি। তারপর থেকেই বাংলাবিরোধী বিজেপি ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেয়। ফলে গ্রামে গ্রামে কাজ বন্ধ হয়ে যায়। এটা কোনও শাসন নয়, এটা ছিল প্রতিশোধের রাজনীতি।'
হাইকোর্টের নির্দেশকে উদ্ধৃত করে সাংসদের দাবি, 'আদালত আজ নির্দেশ দিয়েছে, ২০২৫ সালের ১ অগস্ট থেকে আবার চালু করতে হবে এই প্রকল্প। এটা বিচার ফিরে পাওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাঁদের অধিকার রক্ষার জন্য শেষ বিন্দু শক্তি দিয়েও লড়ব। আজ আবার সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিচ্ছি, জমিদারদের বিরুদ্ধে বাংলার স্বার্থে আমরা সব জায়গায়, সব স্তরে লড়াই চালিয়ে যাব।'
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে এদিন কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে, আগামী পয়লা অগস্ট থেকে বাংলায় এই প্রকল্পের কাজ চালু করতে হবে কেন্দ্রকে।
একই সঙ্গে ২০ জুন প্রতিরাজ্যের রাজভবনে বাংলাদিবস পালন নিয়েও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১০০ দিনের কাজের টাকা দেয় না। বাংলাকে অবজ্ঞা, বঞ্চনা করে এখন আবার ‘বাংলা দিবস’ পালন করতে এসেছে!’’
ঘটনার সূত্রপাত, ২০ জুন ‘বাংলা দিবস’ পালন করা হবে বলে উত্তরপ্রদেশের বিশেষ সচিব পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে একটি চিঠি দিয়েছেন। 'কীভাবে এই তারিখ ঠিক হল, কে তা নির্ধারণ করল?', এনিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি ইচ্ছা মতো চাপিয়ে দেবে? আর তা মেনে বাংলা দিবস পালন হবে? কখনও না। এটা বাংলাকে চরম অসম্মান বলে মনে করছি।" একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দেন, "বাংলা দিবস পালন করবে বাংলার সরকার এবং সেটা ১ বৈশাখই।’’