রবিবার রাতে কলকাতা বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়।
.jpeg.webp)
কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 8 March 2026 21:53
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রস্তুতি খতিয়ে দেখতে আসা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সফর ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতায়। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়। এদিন জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। গোটা ঘটনাটি তাঁর সামনেই ঘটে।
#WATCH | West Bengal locals gather infront of a private hotel in New Town, wearing posters on their chest that read 'Go back, Gyanesh Kumar, murderer of democracy' ahead of CEC Gyanesh Kumar and two ECs reaching Kolkata tonight to review election preparedness in West Bengal. pic.twitter.com/nERqkK8Bvq
— ANI (@ANI) March 8, 2026
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে তিন দিনের সফরে কলকাতায় পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বিমানবন্দর থেকে বেরিয়ে কমিশনের প্রতিনিধি দলটি যখন শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই একদল বিক্ষোভকারী তাঁদের পথ আটকানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হাতে ছিল কালো পতাকা এবং মুখে ছিল গো ব্যাক স্লোগান। পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এলেও কমিশনের সফর ঘিরে শুরুতেই এই বিক্ষোভ বুঝিয়ে দিল আগামী দুদিন পরিবেশ কতটা ভারী থাকবে।
কমিশনের ঠাসা কর্মসূচি:
কলকাতা সফরকালে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে। তার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক: রাজ্যের শাসক ও বিরোধী—সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিযোগ ও পরামর্শ শুনবে কমিশন।
তা ছাড়া প্রশাসনিক ও পুলিশি পর্যালোচনাও চলবে। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে।
এরই পাশাপাশি জেলা স্তরের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) সঙ্গে ভিডিও কনফারেন্স ও সরাসরি আলোচনার মাধ্যমে বুথ স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তিন দিনের সফরের পরই পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সফরের শুরুতেই এমন বিক্ষোভের ঘটনা কমিশনের নিরাপত্তা এবং আগামীর নির্বাচনী আবহে এক বিশেষ মাত্রা যোগ করল।