
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 26 February 2025 21:00
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সিবিআই 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে 'টার্গেট' করছে বলে বড় অভিযোগ এনেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) আইনজীবী সঞ্জয় বসু।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরাসরি অভিষেককে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর বক্তব্য, "সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে ক্ষমতা থাকলে অভিষেক নিজেই সিবিআইয়ের বিরুদ্ধে চিঠি লিখুন।" এ ব্যাপারে অভিষেকের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।
ঘটনার সূত্রপাত, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এসেছে জনৈক ‘অভিষেক ব্যানার্জী’র নাম। অভিযোগ, এই চক্রের মাধ্যমে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১৫ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল। তবে এই ‘অভিষেক ব্যানার্জী’ ঠিক কে, কী তাঁর পরিচয়, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি তদন্তকারী সংস্থা।
আর এ নিয়েই বুধবার সংবাদমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনীদীব সঞ্জয় বসু। তিনি বলেন, 'এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সর্বাত্মক সহযোগিতা করেছেন। ইডি তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট দেয়নি, কারণ কোনও প্রমাণ নেই। অথচ সিবিআই তাঁকে রাজনৈতিকভাবে টার্গেট করছে।'
তিনি আরও বলেন, 'একটি বিশেষ রাজনৈতিক শক্তি এখন সিবিআইয়ের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার চেষ্টা করছে। জনগণের মনে বিভ্রান্তি তৈরি করতে, তথ্যপ্রমাণ ছাড়াই চার্জশিট পেশ করা হয়েছে।'
এ ব্যাপারেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু। একহাত নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারও। শুভেন্দুর কথায়, "সিবিআইয়েরও কাজ নেই। ওটা তো স্পেশিফিক কেস! লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয়কৃষ্ণ ভদ্র, তার চেক পাওয়ার তো অভিষেকের নামে আছে। এটা তো সবাই জানে।" এরপরই ক্ষমতা থাকলে আইনজীবীকে দিয়ে চিঠি না দিয়ে অভিষেককে সরাসরি সিবিআইকে চিঠি দেওয়ার চ্যা্লেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা।