
শেষ আপডেট: 5 April 2023 12:03
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে (Supreme Court) জোর ধাক্কা খেল এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের (opposition party) জোরালো ইস্যুটি। বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। শীর্ষ কোর্টের লাগাতার প্রশ্নের মুখে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান। প্রধান বিচারপতির বেঞ্চ সেই আর্জি মঞ্জুর করে।
স্বভাবতই বিজেপি আদালতের রায়ে খুশি। রাজনৈতিক বিশেষজ্ঞের অনেকেই মনে করছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে বড় ধাক্কা খেল ইডি, সিবিআই (ED, CBI) নিয়ে বিরোধীদের লাগাতার অভিযোগ। দুদিন আগেই এ নিয়ে নাম না করে বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিবিআইয়ের ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি সংস্থার আধিকারিকদের উদ্দশে বলেন, ভয় পাবেন না। যে যাই বলুক, 'দুর্নীতির সঙ্গে আপস নয়। দুর্নীতিবাজরা ক্ষমতাবান হন। কিন্তু আপনারা নির্ভয়ে কাজ করুন। সরকার পাশে আছে।' মামলা।খারিজ হওয়ায় মোদী তথা কেন্দ্রীয় সরকারের অবস্থান শক্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আপ সহ দেশের ১৪টি বিরোধী দল সুপ্রিম কোর্টে গত সপ্তাহে দায়ের করা মামলায় অভিযোগ করে মোদী সরকার ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেনস্থা করছে। রাজনীতিকদের বিরুদ্ধে চলা তদন্তের ৯৫ ভাগই বিরোধী নেতাদের বিরুদ্ধে চলছে।
প্রধান বিচারপতির বেঞ্চ আজ বলে, হেনস্থা বা রাজনৈতিক প্রতিহিংসার নির্দিষ্ট অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ থাকলে আদালত হস্তক্ষেপ করতে পারে। কিন্তু সাধারণ অভিযোগ আদালতের বিচার্য হতে পারে না। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন, রাজনীতিকদের বিরুদ্ধে তদন্তের জন্য পৃথক নিয়ম থাকতে পারে না।
১৪ দলের হয়ে এই মামলায় আজ শীর্ষ আদালতে হাজির ছিলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা ও সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, মামলাটি নতুন করে পেশ করতে চান। আদালত মামলাটি খারিজ করে দিয়ে বলে তথ্য প্রমাণ ছাড়া মামলা গ্রহণ করা হবে না।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মানিক! প্রথমে দাঁড়ালেন কাঠগড়ায়, তারপর একান্তে কথা