
ফাইল ছবি
শেষ আপডেট: 15 April 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Bill Protest) গত শুক্রবার থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদ (Murshidabad)। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় কার্যত তাণ্ডব চলেছে। রাজ্য পুলিশ অবশ্য ইতিমধ্যে জানিয়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। কিন্তু অনেকেই এই দাবি মানতে রাজি নয়। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল মুর্শিদাবাদের ঘটনায়।
এই জেলা থেকে বহু মানুষ প্রাণ ভয়ে পালিয়েছেন। অন্য জেলায় তো বটেই, কেউ কেউ পড়শি রাজ্যেও আশ্রয় নিয়েছেন। পুলিশের দাবি, ঘরছাড়ারা ফিরতে শুরু করেছেন। তবে সকলেই এখনও ফেরেননি। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে মামলা দায়ের করে তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি ঘরছাড়াদের ফিরিয়ে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয়েছে। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আদালতে।
সোমবার সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদ ইস্যুতে মামলা হয়েছে। সিট গঠন করে তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী। শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী এই মামলা করেছেন। যেখানে বলা হয়েছে, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে শুধু হাইকোর্ট নয়, শীর্ষ আদালতেরও নজর দেওয়া উচিত। ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে একই ইস্যুতে ফের মামলা হল।
প্রসঙ্গত, সোমবার রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছিলেন, গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে নতুন করে কোনও অশান্তি হয়নি। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পরিস্থিতি আরও বেশি স্বাভাবিক মুর্শিদাবাদে। ব্লক স্তর, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পাড়ায়-পাড়ায় একাধিক শান্তি বৈঠকও নাকি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই বৈঠকের সংখ্যা প্রায় ১০০- কাছাকাছি। শুধু তাই নয়, নববর্ষ উপলক্ষ্যে জেলায় বিভিন্ন এলাকায় মিষ্টির দোকানও খুলেছে। গ্রাহক কম হলেও, বিক্রিবাটা হচ্ছে।
অশান্তি ছড়িয়ে পড়ার পর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁদের রুটমার্চ এখনও হচ্ছে। সঙ্গে রয়েছে পুলিশ বাহিনীও। তাঁদেরই তৎপরতায় ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এলাকাগুলি। সূত্র মারফৎ জানা গেছে, নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বুথ স্তরে শান্তি কমিটি তৈরি করা হয়েছে।