
শেষ আপডেট: 10 May 2023 11:39
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চাশ বছরের পথ চলা, ‘বে এরিয়া প্রবাসী’, যা আজ ক্যালিফোর্নিয়া তথা সমগ্র আমেরিকার বাঙালিদের কাছে এক গর্বের নাম! জীবন ও জীবিকার স্বার্থে দেশের থেকে বহুদূরে থেকেও, বে এরিয়া প্রবাসীর সদস্যরা কখন যেন একে ওপরের ঘরের মানুষ হয়ে উঠেছে। বে এরিয়া (Bay area) প্রবাসী ক্যালিফোর্নিয়ার প্রথম বাঙালি অ্যাসোসিয়েশন (California Bengali association celebrates it's 50th year)।
বে এরিয়া প্রবাসী এই বছর পালন করল তাঁদের সুবর্ণ জয়ন্তী। গত ২৯ এবং ৩০ শে এপ্রিল, বে এরিয়ার প্রায় ১০০০ বাঙালি এবং অবাঙালি ভারতীয়দের উপস্থিতিতে উদ্যাপন করা হল বে এরিয়া প্রবাসীর সুবর্ণ জয়ন্তী। দুদিনের এই অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছিল বাঙালির দুই প্রাণপুরুষের নামে, রবীন্দ্রনাথ নাথ ঠাকুর ও সত্যজিৎ রায়। আর এই মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালির চিরন্তন নায়িকা বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুর। যাঁর অভিনয় জীবনের হাতেখড়ি আপামর বাঙালির গর্বের মানুষ সত্যজিৎ রায়ের, 'অপুর সংসার' এর নায়িকা হিসেবে। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতবর্ষ তথা বাঙালির গর্বের নৃত্য শিল্পী মমতা শঙ্কর। তিনিও অভিনয় করেছেন,সত্যজিৎ রায় এর পরিচালিত একাধিক সিনেমাতে।


এদিন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্র নির্দেশক সুমন ঘোষও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আলোচনাসভা থেকে জানা যায় সত্যজিৎ রায়ের নানান অজানা গল্প। আয়োজন করা হয়েছিল একটি নৃত্য কর্মশালা, যেখানে মমতা শংকর ওনার পিতা প্রবাদপ্রতিম উদয় শঙ্করের ঘরানার নৃত্যশৈলী স্থানীয় নৃত্যশিল্পীদেরকে শেখান। প্রায় পাঁচ থেকে পঞ্চাশ বছর বয়সি স্থানীয় বাঙালি শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় এই অনুষ্ঠান।


উপস্থিত ছিলেন, আরও এক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। যার কণ্ঠে শোনা গেল, সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমার সেই চিরস্মরণীয় গান, “বাজিলো কাহার বীণা” সহ, আরও অনেক রবি ঠাকুরের গান। সুবর্ণ জয়ন্তী বছরে বে এরিয়া প্রবাসী পেল এক অসামান্য উপহার। এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গায়ক এবং পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে, সৃষ্টি হলো ‘প্রবাসী’র গান’। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে গানের সুরে মেতে উঠলেন প্রবাসীর সঙ্গীত শিল্পীরাও।
তথ্য - মণিদীপা দাশ ভট্টাচার্য
(এক্সউকিটিভ কমিটি মেম্বার অফ বে প্রবাসী)
ছবি - অমৃত দাশ (বে এরিয়া)
অনিন্দ্য মুখার্জী- (বে এরিয়া)
‘ডার্টি হ্যারি’ কে? ইমরানকে খুনের চেষ্টায় নাম জড়িয়েছে যে আইএসআই অফিসারের