এ ব্যাপারে হাইকোর্ট রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছে এই বিষয়ে বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত রিপোর্ট পেশ করতে হবে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 29 July 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল (Joint Entrance Exam Results) এখনও প্রকাশ না হওয়ায় হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। ওই মামলায় বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
পরীক্ষার্থীদের এক অভিভাবক, দীপঙ্কর বিশ্বাস, মঙ্গলবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। তাঁর আর্জি, দেশের প্রায় সমস্ত রাজ্যের যৌথ প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু এখনও বাংলার ছাত্রছাত্রীরা ফলাফলের অপেক্ষায়। ফলাফল প্রকাশে দেরির ফলে তাঁরা দেশের অন্যান্য রাজ্যের পড়ুয়াদের তুলনায় পিছিয়ে পড়ছেন।
দ্রুত শুনানির আবেদন গ্রহণ করে বিচারপতি সুজয় পালের বেঞ্চ মঙ্গলবার দুপুর দু’টোয় মামলার শুনানি করে। আদালত জানায়, আগামী বৃহস্পতিবারের মধ্যে জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে, কবে ফল প্রকাশ সম্ভব, এবং এই দেরীর কারণ কী।
শুনানির সময় বিচারপতি স্মিতা দাস স্পষ্ট ভাষায় বলেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনওভাবেই অবহেলা করা চলবে না। এই জিনিস বরদাস্ত করা হবে না।”
এদিন মামলায় অভিভাবকদের পক্ষে আইনজীবী ঋতঙ্কর দাস ও সৌম্য দাসগুপ্ত যুক্তি দেন, দেশের বাকি সব প্রবেশিকা পরীক্ষার ফল যেমন IIT, NEET সহ একাধিক বেসরকারি পরীক্ষার ফল আগেই প্রকাশ হয়ে গিয়েছে। সেখানে বাংলা শুধু পিছিয়ে নয়, ছাত্রছাত্রীদের মেধা ও পরিশ্রম আজ প্রশ্নের মুখে। অনেক রাজ্যের পড়ুয়ারা ইতিমধ্যেই কলেজে ভর্তি হয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছে।
এ ব্যাপারে হাইকোর্ট রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছে এই বিষয়ে বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত রিপোর্ট পেশ করতে হবে।