এভাবে গুরুত্বপূর্ণ মামলায় একসঙ্গে রাজ্যের এতজন আইনজীবী অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন উঠছে আইনজীবী মহলে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 29 July 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে কলেজ ছাত্রীদের উপর পুলিশের নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলায় এজি-সহ রাজ্যের ছ'জন সরকারি আইনজীবীর গরহাজিরাতে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মঙ্গলবার উঠেছিল দুটি মামলার শুনানি। যেখানে একটি মামলায় সুশ্রীতা সোরেন সহ কলেজ ছাত্রীদের থানায় নিয়ে গিয়ে পুলিশি নির্যাতনের ঘটনায় সিঙ্গেল বেঞ্চের এফআইআর এর নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য।
কিন্তু শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে কোনও আইনজীবী এজলাসে হাজির ছিলেন না। মামলাকারীদের পক্ষে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শামিম আহমেদ আদালতে উপস্থিত থাকলেও, রাজ্যের এক জন আইনজীবীও না থাকায় অবাক হন বিচারপতিরা।
আদালত সূত্রে খবর, আগের রায়ের নথি ঘেঁটে দেখা যায় এই মামলায় রাজ্যের পক্ষে এজি সহ ৬ জন আইনজীবীর নাম রয়েছে। তা সত্ত্বেও এদিন কেউ হাজির না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসাক।
তাঁর নির্দেশে আদালতে উপস্থিত অন্য কয়েকজন আইনজীবী বাইরে গিয়ে রাজ্যের প্যানেলের আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁরা কারাও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে ৩১ জুলাই।
রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, “আগেও এই মামলায় ছ’জন সরকারি আইনজীবী অংশ নিয়েছিলেন। কিন্তু আজ শুনানির সময় তাঁদের কেউ উপস্থিত ছিলেন না।” এভাবে গুরুত্বপূর্ণ মামলায় একসঙ্গে রাজ্যের এতজন আইনজীবী অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন উঠছে আইনজীবী মহলে।