একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, "আপনারা ফিরে আসতে চাইলে ফেরানোর সব ব্যবস্থা সরকারের। আপনাদের পরিবার, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা, রেশন, সহ সব ব্যবস্থা আমরা করে দেব।"

বীরভূমের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী।
শেষ আপডেট: 29 July 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?”
রাজ্যের প্রশাসনিক কর্মসূচিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, পর পর পাঁচ বছর একশো দিনের কাজে, গ্রামীণ রাস্তা নির্মাণে বাংলা দেশে সেরা হয়েছে। সেই হিংসা থেকেই গত তিন বছর ধরে কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে।
কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিংসার কোনও ওষুধ নেই! ওরা বলে বাংলায় চুরি হয়েছে, অথচ বড় বড় চোর তো উত্তরপ্রদেশ আর রাজস্থানে বসে আছে। সেখানে কটা টিম গেছে? মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থানে যখন মহিলাদের পুড়িয়ে মারা হয়, তখন কটা কমিশন যায়? বাংলায় টিকটিকি কামড়ালেও কেন্দ্রীয় দল এসে পড়ে।”
বিরোধীদের পাকাল মাছের সঙ্গে তুলনা করে সতর্কতার সুরে বলেছেন, "বিষাক্তদের থেকে দূরে থাকুন, এরা ভয়ঙ্কর"। মনে করিয়েছেন বাম জমানার অত্যাচারের প্রসঙ্গ। মমতা বলেন,"সিপিএম আমাকে মেরে ফেলতে চেয়েছিল। বিরোধী নেত্রী থাকাকালীন সিপিএমের অত্যাচার সহ্য করেছি, আর এখন ক্ষমতায় থেকে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে।"
বাংলা ভাষার ওপর হওয়া অত্যাচার নিয়েও এদিন ফের ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষা বলার জন্য যখন অত্যাচার হচ্ছে, তখনও তো কোনও কমিশন আসে না। যত দোষ নন্দঘোষ! বাংলা উন্নতি করছে, তাই বাংলাকে শাস্তি দিচ্ছে কেন্দ্র।”
একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, "আপনারা ফিরে আসতে চাইলে ফেরানোর সব ব্যবস্থা সরকারের। আপনাদের পরিবার, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা, রেশন, সহ সব ব্যবস্থা আমরা করে দেব।"
মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, ভোটের সময় বলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, আর ভোট চলে গেলে বলে মারব। এটাই তো তোমাদের নীতি?" খানিক থেমে যোগ করেন, "বাংলা ভিক্ষে চায় না, বাংলার মাথা নীচু করে বাঁচবে না। বাংলা লড়তে জানে, লড়াই করে বাংলা মাথা উঁচু করেই বাঁচবে।
এদিন বীরভূমের সরকারি মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে বীরভূমের ইলামবাজার (Birbhum, Ilambazar) থেকে অজয় নদের উপর (Bridge over Ajay) বহু প্রতীক্ষিত সেতু। এদিন যা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দশকের বেশি সময়ের দাবি পূরণে খুশির হাওয়া বীরভূম ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের মধ্যে।