
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
শেষ আপডেট: 8 October 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়া তো ডাক্তাররা বেরোবে! কল্যাণী এইমসের পরিকাঠামো নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। জয়নগরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই মামলায় আদালতের নির্দেশ থাকলেও শুধু পরিকাঠামোর অভাবে কল্যাণী এইমসে ময়নাতদন্ত হয়নি। সেই প্রেক্ষিতেই ক্ষোভ প্রকাশ হাইকোর্টের।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, এখানে যে পড়ুয়ারা পড়াশোনা করছে তারা তো ডাক্তারি পাশ করে বেরোবে কোনও ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়া! কেন এইমসের মতো একটা হাসপাতালে ময়নাতদন্ত করার পরিকাঠামো নেই, এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। একই সঙ্গে, কল্যাণী এইমসে অপারেশন থিয়েটার আছে কিনা, থাকলে কটা অপারেশন হয়েছে, তা জানতে চান বিচারপতি।
কল্যাণী এইমসে জয়নগর কাণ্ডের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত না হওয়ায় তা করাতে হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। তবে কল্যাণী এইমসকে দিল্লি এইমসের সমতুল্য করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। যত দ্রুত সম্ভব এই নির্দেশ কার্যকর করার কথা বলেছেন বিচারপতি। যদি দিল্লি এইমস না হয়, তাহলে অন্তত যাতে হৃষিকেশ এইমসের সমতুল্য করা যায় কল্যাণী এইমসকে, সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বিচারপতি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কল্যাণী এইমসের পরিকাঠামোগত কাজ সম্পন্ন করতে হবে। তিনি এও বলেছেন, রাজ্যের তরফে যে যে অনুমোদন লাগবে তা দিয়ে কেন্দ্রকে সাহায্য করতে হবে। কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্টত বলা হয়েছে, কোনও বাধা সৃষ্টি করা যাবে না।