এর আগে জলাভূমি ভরাটের অভিযোগ জানাতে গেলেও সাধারণ মানুষকে পুলিশ ফিরিয়ে দিত। কারণ হিসেবে দেখানো হত, ব্লক ভূমি আধিকারিক অভিযোগ না করলে মামলা নেওয়া যাবে না।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 19 September 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: জলাভূমি সংরক্ষণে (Prevent the filling o Swamp) বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
জঙ্গিপুরের (Jangipur) এক পুকুর ভরাট মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে—স্থানীয় বিডিওর (BDO) নেতৃত্বে এক বিশেষ কমিটি গড়তে হবে। আবেদন পাওয়ার এক মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে বলেও জানিয়েছে আদালত।
আদালত সূত্রের খবর, ২০১২ সালে জলাভূমি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু এত বছরেও তা কার্যকর হয়নি। মামলাকারীর আইনজীবী অরিন্দম দাস এদিন আদালতে জানান, জলাভূমি রক্ষায় সেই বিজ্ঞপ্তি কার্যকর করার নির্দেশ দিতে হবে। তবে আদালত মুখ্যসচিবকে নয়, বিডিওকে দায়িত্ব দিয়ে জানিয়েছে, আবেদন জমা পড়লেই দ্রুত কমিটি গড়তে হবে।
এর আগে জলাভূমি ভরাটের অভিযোগ জানাতে গেলেও সাধারণ মানুষকে পুলিশ ফিরিয়ে দিত। কারণ হিসেবে দেখানো হত, ব্লক ভূমি আধিকারিক অভিযোগ না করলে মামলা নেওয়া যাবে না। কিন্তু সম্প্রতি হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছে—এখন থেকে যেকোনও নাগরিক থানায় জলাভূমি ভরাটের অভিযোগ জানালে পুলিশকে তা নিতে হবে, প্রাথমিক তদন্ত চালাতে হবে এবং পরে ভূমি আধিকারিকের মতামত নিতে হবে।
আইনজীবী অরিন্দম দাসের মন্তব্য, “এই রায়ের ফলে জঙ্গিপুরে বেআইনি জলাভূমি ভরাট রোখা সম্ভব হবে। প্রশাসনের বিভিন্ন দফতরের মধ্যে একে অপরকে আড়াল করার প্রবণতাও কমবে।”