ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও পরে তাঁরা জামিন পেয়েছেন। অন্যদিকে, ওই অটোচালক পাল্টা অভিযোগ করেছেন— আধিকারিক তাঁর মায়ের শ্লীলতাহানি করেছেন। দুই অভিযোগ নিয়েই চলছে পৃথক তদন্ত।

শেষ আপডেট: 29 October 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: সোনারপুরে কাস্টমস আধিকারিককে (Sonarpur customs officer) মারধর কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়েরের আবেদন করেছিলেন আক্রান্ত আধিকারিক। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলার অনুমতি দেন। একই সঙ্গে আদালতের নজরদারিতে সিট তদন্তেরও (SIT) আবেদন করা হয়েছে।
ঘটনাটি গত শুক্রবার রাতের। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মেগাসিটি আবাসনের বাসিন্দা এক কেন্দ্রীয় শুল্ক দফতরের আধিকারিকের সঙ্গে রাস্তায় এক অটোচালকের বচসা বাধে। অভিযোগ, কিছুক্ষণ পর অটোচালক দলবল নিয়ে ওই আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে তাঁর উপর চড়াও হয়। মাথায় গুরুতর আঘাত পান আধিকারিক। এমনকি তাঁর স্ত্রী ও পুত্রকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও পরে তাঁরা জামিন পেয়েছেন। অন্যদিকে, ওই অটোচালক পাল্টা অভিযোগ করেছেন— আধিকারিক তাঁর মায়ের শ্লীলতাহানি করেছেন। দুই অভিযোগ নিয়েই চলছে পৃথক তদন্ত।
এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেগাসিটি আবাসনে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার রাতে জরুরি বৈঠকে বসে পুলিশ-প্রশাসন। উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, থানার আইসি আশিস দাস ও স্থানীয় কাউন্সিলর রাজীব পুরোহিত। গভীর রাত পর্যন্ত চলে আলোচনা। পুলিশ জানিয়েছে, বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মেগাসিটি আবাসনে নিয়মিত পুলিশ পোস্টিং থাকবে। রাতেও টহলদারি জোরদার করা হয়েছে। বাসিন্দাদের হাতে দেওয়া হয়েছে থানার নম্বর এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ব্যক্তিগত ফোন নম্বর যাতে জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যায়।
বৈঠক শেষে বিধায়ক লাভলী মৈত্র বলেন, “বাসিন্দারা আতঙ্কে ছিলেন। আমরা তাঁদের আশ্বস্ত করেছি, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।” মেগাসিটি আবাসনের সম্পাদক নীতিশ বনসল বলেন, “নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কথা আমরা তুলেছিলাম। প্রশাসন দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে।”