এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে সেই সংখ্যা বাড়তে পারে কারণ টাকা গোনা এখনও চলছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 October 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি (Municipal Corruption) মামলায় বুধবার তারাতলায় হানা দেয় ইডি (ED)। আর সেখানের এক ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বিপুল অর্থ। সূত্র মারফৎ জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে সেই সংখ্যা বাড়তে পারে কারণ টাকা গোনা এখনও চলছে।
মঙ্গলবার রাত থেকে এই অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সূত্রেই বুধবার তারাতলায় ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশি অভিযানেই সন্ধান মেলে ওই বিপুল অর্থের।
গতকাল কলকাতার বেলেঘাটা (Beleghata) এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি (ED Raid Kolkata)। ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে থাকা একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় ৬ জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান ওই বাড়িতে।
বস্তুত, চলতি মাসের শুরুতেই কলকাতার অন্তত ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনেও তল্লাশি চালানো হয়। ওই ভবনেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। তাছাড়া নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়ি, ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একাধিক ঠিকানাতেও।
বেলেঘাটায় এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং নাগেরবাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারীরা। অন্যদিকে, মন্ত্রী সুজিতের ছেলের ধাবাতেও তল্লাশি চলে। অভিযান চলে একটি রেস্টুরেন্ট ও অডিটরের দফতরেও।
এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা। ১৪ ঘণ্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরিয়ে যান তদন্তকারীরা।