
শেষ আপডেট: 23 December 2023 19:53
দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্বের দরবারে নিজেকে উপস্থাপন করার। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পূজা কোলের। দিল্লির রাজপথ আলো করবেন তিনি। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কুচকাওয়াজে অংশ নেবেন পূজা। সারা দেশের বাছাই করা ছাত্রছাত্রীদের সঙ্গে রাষ্ট্রপতিকে অভিবাদন জানাবেন তিনি।
প্রজাতন্ত্র দিবসে গোটা দেশের নজর থাকে রাজধানীর দিকে। এবার রাজধানীর রাজপথে কুচকাওয়াজে পা মেলাতে চলেছেন বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা পূজা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের থার্ড সেমেস্টারের ছাত্রী তিনি। প্রজাতন্ত্র দিবসের মতো অনুষ্ঠানে ছাত্রীর উপস্থিতিতে বর্ধমান বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির হাওয়া।
ছোট থেকেই যোগব্যায়ামে বিশেষভাবে পারদর্শী পূজা। দিদি মৌসুমীর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন যোগ শিবিরে ঘুরে এসেছেন। পূজার কথায়, ''ছোট থেকেই স্বপ্ন ছিল, যোগব্যায়ামের মাধ্যমে কিছু করে দেখাবো। এর আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তবে প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজে আমিও থাকব, এটা ভেবে আনন্দ হচ্ছে।''
কোতলপুরে পূজার বাবা গোলকবিহারী কোলের ব্যবসা রয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই পূজাকে নির্বাচনের প্রাথমিক ধাপগুলি শুরু হয়। কলকাতার পরীক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের প্যারেড টেস্ট, কালচারাল টেস্ট, ফিটনেস টেস্ট নেওয়ার পর পার্সোনাল ইন্টারভিউ নিয়েছিলেন।
বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে একজন ও অন্য দু'টি কলেজ থেকে দু'জন- মোট ৩ জনকে মনোনীত করেন পরীক্ষকেরা। পরে গত ১৪ থেকে ২৫ নভেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে সোয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বাছাই পর্ব হয়। সেখানে দিল্লির নির্বাচকেরা এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ৮ জনকে বেছে নেন। যার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রতিযোগী হিসেবে মনোনীত হয়েছেন পূজা। জানা গিয়েছে, কুচকাওয়াজের মহড়ার জন্য টানা এক মাস দিল্লিতে থাকতে হবে ফাইনালিস্টদের।
এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পের থিম ‘নারী শক্তি-রানি লক্ষ্মীবাই’। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীননাথ মণ্ডল জানিয়েছেন, পূজা ছোট থেকেই খুব ভালো যোগা করে।এটা খুবই আনন্দের ঘটনা। আমাদের বিশ্ববিদ্যালয়েরও সুনাম হবে।