দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে বিজেপি-র রাজ্য সম্পাদক অনিল পরিহার ও তাঁর ভাইকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসবাদীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ জম্মুর কিস্তওয়ার এলাকায়। তাঁদের উপর গুলি চালায় কেউ। দুই ভাইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।
পুলিশ সূত্রের খবর, অনিল ও তাঁর ভাই অজিত তাঁদের দোকান থেকে ফিরছিলেন। একটি সরু ও অন্ধকার গলির মধ্যে দিয়ে তাপাল গলি মহল্লায় তাঁদের বাড়ি ফেরার সময় তাঁদের গুলি করা হয়। আততায়ীরা তাঁদের জন্যই অপেক্ষা করছিল বলে পুলিশের ধারণা। জম্মুর ডিভিশনাল কমিশনার সঞ্জীব বর্মা জানিয়েছেন, তদন্তে নেমেছে পুলিশ।
https://twitter.com/ANI/status/1058035380870619136
জম্মু ও কাশ্মীরে বিজেপি-র সভাপতি রবীন্দ্র রায়না বলেছেন, ঘটনায় তাঁরা স্তম্ভিত। কিস্তওয়ার এলাকায় কার্ফু জারি করা হয়েছে। রাজ্যে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক অশোক কল ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই প্রথম জম্মু এলাকায় কোনও রাজনৈতিক নেতার উপর প্রাণঘাতী হামলা হলো।