চাঞ্চল্য বনগাঁয়! কোলের শিশুকে অ্যাসিড খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা মায়ের। পারিবারিক অশান্তির জেরে ঘটেছে বলে অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 September 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: বনগাঁর নক পুল কাটাবাগান এলাকায় নিজের সন্তানকে অ্যাসিড খাইয়ে, আত্মঘাতী হওয়ার চেষ্টা মহিলার। দুজনকেই উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দিলেও মহিলাকে আটক করে পুলিশ।
অভিযুক্ত মহিলার নাম তপতী বাড়ুই। ২০১৯ সালে তাঁর বিয়ে হয় অমিতোষ বারুইয়ের সঙ্গে। অমিতোষবাবুর প্রথম পক্ষের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান। তার পরেই তিনি দ্বিতীয়বার তপতীকে বিয়ে করেন। বর্তমানে কর্মসূত্রে সৌদি আরবে থাকেন ওই ব্যক্তি। প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে অমিতোষবাবুর। তাঁর নাম প্রীতি বারুই।
পারিবারিক অশান্তির জেরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। অভিযোগ, তপতী বাড়ুই নিজের এক বছর এক মাসের শিশুকে অ্যাসিড খাওয়ান এবং নিজেও খান। খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযুক্ত মাকে আটক করে পুলিশ।
বনগাঁ থানায় তপতী বাড়ুইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এমন দুধের শিশুকে অ্যাসিড খাওয়ানোর বিষয়টি শুনে রীতিমতো চমকে উঠছেন তপতীর প্রতিবেশীরা। অনেকেই বিশ্বাস করতে পারছেন না এমনও কেউ করতে পারেন। পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সকলে।