বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, মহাদেব এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। প্রধানমন্ত্রীর সভার আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তাঁদের সাফ কথা, এটি কোনওভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, বরং ঠান্ডা মাথায় করা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 April 2026 19:39
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচারে হলদিয়ায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কিন্তু প্রধানমন্ত্রীর পা রাখার ঠিক আগের দিনই এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বুধবার হলদি নদীর তীর থেকে মহাদেব বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মহাদেব বিশ্বাস মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বেরোলেও রাত পর্যন্ত আর ফেরেননি। এরপর বুধবার সকালে হলদি নদীর পাড়ে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “এটা খুনই হয়েছে। গলা ফুলে আছে, হাতে কাটার চিহ্ন রয়েছে। মঙ্গলবার বেরোনোর পর আর ফেরেনি ও।”
বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, মহাদেব এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। প্রধানমন্ত্রীর সভার আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তাঁদের সাফ কথা, এটি কোনওভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, বরং ঠান্ডা মাথায় করা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। নির্বাচনের মুখে ভোটারদের ভয় দেখাতেই এই খুনের ছক কষা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।
পাল্টা যুক্তিতে এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবিরের বক্তব্য, নিহতের পরিবার আগে কখনও নিজেদের বিজেপি সমর্থক বলে দাবি করেনি। এখন রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি এই মৃত্যুকে নিয়ে রাজনীতি শুরু করেছে। ব্যক্তিগত কোনও শত্রুতা বা অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেছে তারা।
হলদিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এমন এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হল মহাদেবকে? উত্তরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মোদীর সভার আগের এই রক্তক্ষরণ যে ভোটমুখী হলদিয়ায় বড়সড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।