ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্য-রাজনীতিতে তীব্র বিতর্ক।

শমীক ভট্টাচার্য।
শেষ আপডেট: 31 July 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্য-রাজনীতিতে তীব্র বিতর্ক। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে বুথ লেভেল অফিসারদের (BLO) হুমকি দেওয়ার অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিস জমা দিলেন বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।
বুধবার দিল্লিতে সংসদের সেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে এই অভিযোগ তুলে ধরেন শমীক। তাঁর দাবি, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। কোনও রাজ্যের আপত্তি থাকলে তা সুপ্রিম কোর্টে বলা যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে যখন প্রশাসনিক কর্মীদের জনসমক্ষে হুমকি দেন, তখন তা সাংবিধানিক শালীনতার পরিপন্থী।"
বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, “সরকারি কর্মচারীদের যেভাবে চাপে রাখা হচ্ছে, তাতে পরিষ্কার রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হচ্ছে। BLO-রা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন।”
শমীকের অভিযোগ, “ভারত কোনও ধর্মশালা নয়। বাইরে থেকে যেই আসছে, এখানে থেকে যাচ্ছে। নির্বাচন কমিশন এটাই বন্ধ করতে চাইছে। আর সেটাই ভালভাবে নিচ্ছে না তৃণমূল। কারণ, এই অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সম্পদ। ওরা বুঝতে পারছে, ভুয়ো নাম বাদ চলে গেলে ওদের ক্ষমতা চলে যাবে।"
তৃণমূল কংগ্রেস অবশ্য শমীকের এই অভিযোগকে ‘রাজনৈতিক চাতুরী’ বলে কটাক্ষ করেছে। এ ব্যাপারে বুধবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, SIR—Silent Invisible Rigging নামক এক ভয়ঙ্কর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অথচ ট্র্যাক্টর ও কুকুরের নামে দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট!
একই সঙ্গে অভিষেক হুঁশিয়ারির সুরে বলেছেন, "ওরা দুটো নাম বাদ দিয়ে দেখাক, বাংলার মানুষ বুঝিয়ে দেবে কীভাবে জবাব দিতে হয়।” তারপরই রাজ্য়সভায় শমীকের নোটিস ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।