ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে কয়েকদিন আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ। ধীরে ধীরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মধ্যেই ফের বড়সড় অঘটন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 12 May 2025 22:53
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে কয়েকদিন আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ। ধীরে ধীরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মধ্যেই ফের বড়সড় অঘটন।
পুলিশ সূত্রের খবর, সামশেরগঞ্জ থানার মালঞ্চ সিংপাড়ায় বোমা বিস্ফোরণে ৬ বছরের এক শিশুকন্যার হাত উড়ে গেল। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একাধিক তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। জখম শিশুকে আশঙ্কাজনক অবস্থা ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কীভাবে বোমার কবলে শিশুকন্যা?
স্থানীয় সূত্রের খবর, এদিন আমবাগানে আম কুড়োতে গিয়েছিল শিশুকন্যাটি। সেখানেই পড়ে থাকা রঙিন বোমা দেখে কৌতূহলী হয়ে সে একটি হাতে তুলে নেয়। এরপরই বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, "ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।"
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমানসে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।