
শেষ আপডেট: 7 January 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: স্কুটি করে বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার পথে আচমকাই বিস্ফোরণ! ওই স্কুটিতে থাকা দুই যুবক জখম অবস্থায় নলহাটি হাসপাতালে ভর্তি।
রবিবার বেলা এগাোটা নাগাদ বীরভূমের নলহাটি থানার সরধা গ্রামের পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ওই দুই যুবকের নাম মুকুলেশউদ্দিন সেখ ও রাহুল সেখ। তাদের মধ্যে একজনের বাড়ি মাড়গ্রামে। অন্যজন রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
তারা একটি স্কুটিতে করে বোমা ও গুলিভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। মাঝরাস্তায় স্কুটি রাখা বোমা ফেটে যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিকট শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। রাস্তায় দুই যুবককে জখম অবস্থায় দেখে নলহাটি থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ।
ওই দুই যুবকের স্কুটিতে তল্লাশি চালানোর পরে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র ও বোমার অংশ খুঁজে পায়। ওই দুজনকে জেরায় করে পুলিশ জানতে পেরেছে, এই দুই দুষ্কৃতী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে কোথাও হামলা চালানোর ছক কষেছিল।