বুধবার সন্ধের পর হঠাৎ বিস্ফোরণ ঘটে থানায়। মজুত রাখা বাজি থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জ্বলছে থানা চত্বর
শেষ আপডেট: 28 May 2025 22:24
দ্য ওয়াল ব্যুরো: আচমকা বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল ডায়মন্ড হারবার থানা (Diamond Harbour PS)! আর এই ঘটনায় বিরাট অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সন্ধের পর হঠাৎ বিস্ফোরণ ঘটে থানায়। মজুত রাখা বাজি থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডায়মন্ড হারবার থানার পিছনে এক পুকুরের কাছে এলাকার বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি মজুত করা হয়েছিল। কমপক্ষে ২০ থেকে ২৫ কেজি বিস্ফোরক ছিল বলে জানা গেছে। এদিন সন্ধে সাড়ে ৭টার কিছু পর সেখানেই কোনও ভাবে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি। থানারও কোনও বড়সড় ক্ষতি হয়নি।
কিন্তু কীভাবে ওই জায়গায় আগুন লাগল তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। নিরাপত্তাজনিত কারণে ডায়মন্ড হারবারের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ।
এদিকে এই ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বড় অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে অবৈধ বিস্ফোরক মজুত করা হচ্ছিল থানায়! আদতে এমন কোনও ঘটনা কিনা তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি। এক্ষেত্রে তাঁর কটাক্ষ, 'যেমন এলাকা, তেমন থানা'।
ডায়মণ্ড হারবার থানা বিস্ফোরণে ভস্মিভূত !!!
ঘটনাস্থল ডায়মণ্ড হারবার থানা। যেটা জানা যাচ্ছে আটক করা বিষ্ফোরক থেকে বিস্ফোরণ ঘটে ডায়মণ্ড হারবার থানা ভয়াবহ আগুনে প্রায় ভস্মিভূত। দমকল আগুন নেভানোর প্রয়াস করছে।
যেমন এলাকা, তেমন থানা, অনুরূপ ঘটনা!
আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের… pic.twitter.com/ZrWojwgBh4— Suvendu Adhikari (@SuvenduWB) May 28, 2025