প্রতিবছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে 'নিঃশব্দ বিপ্লব' নামে একটি সভার আয়োজন করে থাকেন তিনি। এদিন তেমনই একটি কর্মসূচি থেকে একথা বলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
.jpeg.webp)
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 25 June 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার অন্তত ৬ মাস আগেই বাংলার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের কথায়, "ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে! গতবারে ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ওরা ৫০-এর নীচে আটকে যাবে। আজকের সভা থেক আমি এই ভবিষ্যদ্বাণী করে গেলাম।"
২০১৪ সালে ডায়মন্ডহারবার থেকে প্রথমবার সাংসদ পদে জয়ী হন অভিষেক। সেই থেকে প্রতিবছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে 'নিঃশব্দ বিপ্লব' নামে একটি সভার আয়োজন করে থাকেন তিনি। এদিন তেমনই একটি কর্মসূচি থেকে একথা বলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক বলেন, "আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যদ্বাণী করি না। আর করলে ইশ্বরের কৃপায় তা অল্প হলেও মিলে যায়।"
এখানে উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের সময়ে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি কোনওভাবে ১০০ আসন পেরোতে পারবে না। বাস্তবে ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি মোট ৭৭টি আসন পেয়েছে। স্বভাবতই অভিষেকের এদিন ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
কেন এমন ভবিষ্যদ্বাণী, তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কথায় , "আত্মবিশ্বাসের সঙ্গে এই ভবিষ্যদ্বাণী করছি, কারণ মানুষের প্রতি, দলের কর্মীদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস, আস্থা আছে। বছরভর যদি মানুষের পাশে কেউ থাকে, তাহলে তারা তৃণমূলের কর্মীরাই।"
কথায় কথায় কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক বলেন, "কেন্দ্রের উচিত কী? উন্নয়নে রাজ্যকে সাহায্য করা, কিন্তু এরা কী করছে? বাংলার ভোটে জিততে পারেনি। তাই তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসা করতে গিয়ে মানুষের সঙ্গে প্রতিহিংসা করছে। ওরা তৃণমূলকে টাইট দিতে গিয়ে বাংলার মানুষকে টাইট দিতে চেয়েছে। তাহলে দেশবিরোধী কারা? বাংলার টাকা আটকে রেখেছে কারা? আসলে এরা হচ্ছে কাঠিবাজ, মানুষকে কিছু দিতে পারে না, কেড়ে নেয়।"
ছাব্বিশের ভোটে বাংলায় অপারেশন সিঁদুর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ-বিজেপির নেতারা। এদিনের সভা থেকে ওই প্রসঙ্গেও অভিষেক জবাব দিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, "অন্যান্য রাজ্যের মতো এখানেও বিধানসভা ভোটের আগে ওরা অপারেশন সিঁদুরের নামে এমএলএ কেনাবেচা করতে চায়। তবে এটা বাংলা। এখানে বিজেপির ওই অপচেষ্টা সফল হবে না।"
সম্প্রতি ডায়মন্ড হারবারে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূলের অভিযোগ, পুরো ঘটনার নেপথ্যে ছিল পদ্ম শিবির। এদিনের সভা থেকে ওই প্রসঙ্গে অভিষেক বলেন, "খুব তো চেয়েছিলেন ডায়মন্ড হারবারের একটা ঘটনা নিয়ে লাশের রাজনীতি করতে। মহেশতলায় মহিলারা তাড়া করতেই ওরা বাধ্য হয়েছে ল্যাজ গুটিয়ে পালাতে।" গতবারের চেয়ে আগামী লোকসভা নির্বাচনে তাঁর ভোটের ব্য়বধান আরও বাড়বে বলেও দাবি করেছেন তিনি।
একই সঙ্গে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বলেন, "আমি এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু আপনি যেভাবে ক্রমাগত আমার নেত্রীকে নিয়ে কুকথা বলেন, তাতে বলতে বাধ্য হচ্ছি, "তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, জেঠু থেকে দাদু হয়ে যাবে, তবু তৃণমূলকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছর সরাতে পারবে না। দম থাকলে আমার চ্যালেঞ্জ ভেঙে দেখাও।"
বিজেপির 'রাহুর দশা' চলছে বলে কটাক্ষ করে ইডি-সিবিআইয়ের প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এও বলেন, "যতই ইডি-সিবিআই আনো, তৃণমূল কংগ্রেস লোহা, লোহাকে যত আঘাত করবে, লোহা ততই শক্তিশালী হবে।"