
জেপি নাড্ডা এবং ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব
শেষ আপডেট: 16 June 2024 23:36
দ্য ওয়াল ব্যুরো: ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। এমনই অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, গোটা দেশে শান্তিপূর্ণ ভোট হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। এবার এই পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।
সাত দফা লোকসভা ভোটের পর গত ৪ জুন ফল প্রকাশিত হয়েছে। তারপর থেকেই রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। তাই এবার পশ্চিমবঙ্গের পরিস্থিতির খোঁজ খবর নিতে কমিটি গঠন করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব নেতৃত্বে বাংলায় চার সদস্যের ওই টিম আসছে। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিংহ।
কমিটিতে রয়েছেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার। শীঘ্রই ওই প্রতিনিধি দল বাংলা সফরে আসছেন। ‘সন্ত্রাস কবলিত’ বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তাঁরা। কথা বলবেন 'আক্রান্ত'দের সঙ্গে। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও তারা বৈঠক করবেন। রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। এরপর দিল্লিতে ফিরে ওই কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দেবে।
বিজেপির ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট ছাড়াও চার রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। তার মধ্যে কয়েকটিতে ক্ষমতার বদলও হয়েছে। কিন্তু শুধু বাংলা ছাড়া কোথাও কোনও হিংসার ঘটনা ঘটেনি। এই পরিস্থিতি নজরে রেখেই চার সদস্যের কমিটিকে পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জে পি নাড্ডা।
এবার বাংলায় লোকসভা নির্বাচনে তেমন বড় কোনও অশান্তি হয়নি। সপ্তম দফার ভোট পর্বের শেষে সে কথা জানান খোদ মুখ্য নির্বাচন কমিশনার। তবে ভোটের ফলাফল প্রকাশের পর অশান্তির আশঙ্কা করা হয়েছিল। তাই আগেভাগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়। বিজেপির দাবি, ভোট শেষের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার শিকার হচ্ছেন দলীয় কর্মীরা। জখম হয়েছেন বহু বিজেপি কর্মী-সমর্থক, ঘরছাড়া বেশ কয়েকজন। 'আক্রান্ত' দের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শুক্রবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শুভেন্দু সহ সন্ত্রাসে 'আক্রান্ত'দের রাজভবনে যেতে বাধা নেই।