
শেষ আপডেট: 22 June 2022 04:28
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিতে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালাবে বিজেপি (BJP)। দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং মেঘাওয়ালকে মাথায় রেখে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একটি টিম তৈরি করেছে। তাতে দেশের সব প্রান্তের নেতাদের রাখা হয়েছে। তাঁরা রাজ্য ইউনিটগুলির সঙ্গে প্রচারে যোগাযোগ রেখে চলবেন। দেশের সব প্রান্ত থেকে গুরুত্বপর্ণ নেতাদের কমিটিতে রাখা হয়েছে। যেমন, কমিটির অন্যতম সদস্য অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সম্বিত পাত্রর মতো দলের সর্বভারতীয় মুখপাত্র।
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই দ্রৌপদীকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনি একাধিক রাজ্যে প্রচারে যাবেন। রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) ভোট দেন এমপি, এমএলএরা। কিন্তু বিজেপির পরিকল্পনা হল, দ্রৌপদীকে প্রার্থী করার মধ্য দিয়ে দল কীভাবে আদিবাসী এবং মহিলাদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নকে গুরুত্ব দিল সেই বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরা। তাই সিদ্ধান্ত হয়েছে, দ্রৌপদীকে প্রার্থী করার বিষয়টি নিয়ে রাজ্য ইউনিটগুলিকে সভা সমাবেশ করতে হবে। সাধারণ মানুষকে জানাতে হবে দলের রাজনৈতিক অবস্থান।
বিজেপির এক নেতা বলেন, মোদীজির 'সবকা সাথ …. স্লোগানের উজ্জ্বল দৃষ্টান্ত হল দ্রৌপদীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা।
আপাতত ঠিক আছে দ্রৌপদীকে নিয়ে কিছু রাজ্যে প্রচারে যাবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কয়েকটিতে অমিত শাহ, রাজনাথ সিংহরা। সেই প্রচার বলতে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক। প্রয়োজনে এনডিএ শরিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশে। পাশাপাশি দল আগামী এক মাস সমস্ত সভা সমিতিতে দ্রৌপদী প্রসঙ্গ টেনে প্রচার চালাবে।