শুভেন্দুর কথায়, "এই দাগিদের মধ্যে ৯০ ভাগ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। অন্যদিকে পিছনের দরজা দিয়ে নেতা-মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন ১০ ভাগ।"

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 31 August 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: "একটা চাকরিও কোনও নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না। গোটা ভারতবর্ষ দেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবৈধভাবে চাকরি (Illegal Jobs) দিয়েছে এবং চাকরিহারাদের যাঁরা 'দাগি' (SSC Tainted List) বলে চিহ্নিত হলেন, তাঁদের থেকেও মহাদাগি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government)।" এসএসসি-র 'অযোগ্য' তালিকা বেরোতেই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শনিবারই ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। সেই ব্যাপারেই শুভেন্দু অধিকারী বলেন, "এখানে অনেকেই রাজনৈতিক সুপারিশে চাকরি পেয়েছেন। তাছাড়া অনেকেই আছেন, গয়নাগাটি, গরু-বাছুর, জমি বিক্রি করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। স্বাভাবিকভাবেই এঁরা সুপ্রিম কোর্টের ভাষায় 'দাগি'। আর মহাদাগি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন জনসভাতে, খবরে আমরা বলাতাম, তাঁর সরকার চাকরি চোর। এখন সেটা নিজেরাই স্বীকার করে নিয়েছে।"
তাঁর কথায়, "এই দাগিদের মধ্যে ৯০ ভাগ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। অন্যদিকে পিছনের দরজা দিয়ে নেতা-মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন ১০ ভাগ।"
বস্তুত, এসএসসি-র (SSC) ২৬ হাজার (26000 Job Cancel) চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ (SSC Tainted List) করতে হবে। সেই নির্দেশ মেনেই শনিবার সেই তালিকা প্রকাশ করে এসএসসি। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। পরে রাতের দিকে আরও একটি তালিকা দিয়ে দু'জনের নাম প্রকাশ করে কমিশন। অর্থাৎ এখন দাগিদের সংখ্যা ১৮০৬। যাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের কাউন্সিলর, অঞ্চল সভাপতি-সহ বিধায়ক ঘনিষ্ঠদের নাম।
নাম প্রকাশের পর এসএসসির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা। তাঁদের দাবি, এসএসসি পিঠ বাঁচাতে এই তালিকা প্রকাশ করেছে।
আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। শীর্ষ আদালতের ওই নির্দেশ মতো ‘দাগি অযোগ্য’দের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে।