
সুকান্ত মজুমদার।
শেষ আপডেট: 20 November 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের বেলডাঙায় যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। এদিন নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে সুকান্তর গাড়ি আটকায় পুলিশ।
পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই বিশাল পুলিশ বাহিনী এসে সুকান্ত মজুমদার-সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করে। প্রিজন ভ্যানে করে তাঁদের নিয়ে যাওয়া হয় কোতওয়ালি থানায়। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেছেন বিজেপির কর্মীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গত শনিবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। অশান্তি রুখতে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত ৮ জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল।
ইতিমধ্যে এ ব্যাপারে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্তের দাবি উঠেছে। বেলডাঙার ঘটনা নিয়ে রাজ্যের ওপর চাপ বাড়িয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারের থেকে রিপোর্ট তলব করেছেন তিনি।
এরই মধ্যে এদিন বেলডাঙার উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি। কৃষ্ণনগরের জাতীয় সড়কে তাঁর গাড়ি আটকায় পুলিশ। পুলিশের তরফে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা রয়েছে। এখনই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। সুকান্ত-সহ কর্মীরা পুলিশের বাধা উড়িয়ে জোর করে যাওয়ার চেষ্টা করলে এরপরই তাদের আটক করে পুলিশ। ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি-সহ কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।