এবারের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি খেলাধুলা ও বিনোদন জগতের একাধিক নাম রাজ্য রাজনীতিতে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 5 April 2026 20:55
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কাউন্টডাউন শুরু হতেই বাংলায় কেন্দ্রীয় নেতৃত্বের ঢল নামাতে চাইছে বিজেপি। রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যের জন্য ৪০ জন ‘তারকা প্রচারক’-এর (Star Campaigner) তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির (BJP)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সামনে রেখেই সাজানো হয়েছে এই তালিকা। তবে এবারের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি খেলাধুলা ও বিনোদন জগতের একাধিক নাম রাজ্য রাজনীতিতে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
বিজেপির এই ‘শিডিউল-১’ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পরেই রয়েছেন নিতিন নবীন, রাজনাথ সিং, অমিত শাহ এবং জে পি নড্ডা। এ ছাড়াও ধর্মেন্দ্র প্রধান, নিতিন গডকড়ী, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুরের মতো হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা বঙ্গে প্রচারের ময়দানে ঝড় তুলতে আসছেন। রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও (যিনি তালিকায় মোহন চরণ মাঝি এবং মাণিক সাহার সঙ্গেই রয়েছেন)।
এবারের প্রচার তালিকায় সবচেয়ে বড় চমক অবশ্যই টেনিস তারকা লিয়েন্ডার পেজ। খেলোয়াড় হিসেবে বিশ্বজয় করার পর এবার বাংলার বিধানসভা ভোটে পদ্ম শিবিরের হয়ে ভোটারদের মন জয় করতে নামছেন তিনি। বিনোদন জগৎ থেকে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী এবং মনোজ তিওয়ারি। রাজ্য বিজেপির পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী তো রয়েছেনই।
বাংলার ঘরের মুখ কারা?
রাজ্য নেতৃত্ব থেকে স্বাভাবিকভাবেই তালিকায় জায়গা পেয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এ ছাড়াও লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং শান্তনু ঠাকুরের মতো সাংসদ ও বিধায়করাও এই হেভিওয়েট তালিকায় শামিল। শমীক ভট্টাচার্য এবং অমিতাভ চক্রবর্তীর মতো সাংগঠনিক মুখদেরও প্রচারের সামনের সারিতে রাখা হয়েছে।
৫ এপ্রিল অর্থাৎ আজ থেকেই কোচবিহারের জনসভা দিয়ে প্রধানমন্ত্রী মোদী যে প্রচারের সূচনা করতে চলেছেন, এই তালিকা তারই পরবর্তী ধাপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় মন্ত্রী, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেলিব্রিটিদের একযোগে ময়দানে নামিয়ে তৃণমূলের আঞ্চলিক আবেগের মোকাবিলা করাই বিজেপির মূল কৌশল।