স্বাভাবিক নিয়মেই নির্বাচনে দল শীর্ষ নেতৃত্বের ওপরই বড় ভরসা রাখছে। তবে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের পরিচিত মুখদেরও সামনে আনা হয়েছে প্রচারের ময়দানে।

অনুব্রত মণ্ডল এবং প্রতিকুর রহমান
শেষ আপডেট: 4 April 2026 19:43
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটের দিন ঘনিয়ে আসতেই প্রচারে আরও ঝাঁজ বাড়াতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল দলের তারকা প্রচারকদের (TMC Star Campaigners) প্রথম তালিকা। মোট ৪০ জনের নাম রয়েছে সেই তালিকায়, যেখানে রাজনীতির প্রথম সারির নেতাদের পাশাপাশি জায়গা পেয়েছেন একাধিক পরিচিত মুখ।
তালিকার একেবারে শীর্ষে রয়েছেন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ঠিক পরেই রাখা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নাম। শুরু থেকেই স্পষ্ট, স্বাভাবিক নিয়মেই নির্বাচনে দল শীর্ষ নেতৃত্বের ওপরই বড় ভরসা রাখছে। তবে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের পরিচিত মুখদেরও সামনে আনা হয়েছে প্রচারের ময়দানে।
এই তালিকায় বিশেষভাবে নজর কেড়েছে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নাম। এক সময় ওই জেলার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত থাকলেও, সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে দলের অন্দরে মতভেদের কথা বারবার উঠে এসেছে। বিশেষ করে কাজল শেখের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা শোনা যায় রাজনৈতিক মহলে। সেই প্রেক্ষাপটে তারকা প্রচারকের তালিকায় তাঁর অন্তর্ভুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তালিকায় সদ্য দলে যোগ দেওয়া প্রতিকুর রহমানের (Pratikur Rahman) নামও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। কয়েক সপ্তাহ আগে সিপিএম ছেড়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। একই সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ এবং পরিচিত অভিনেত্রী কোয়েল মল্লিক। তার সঙ্গে তৃণমূলের জনপ্রিয় মুখ দেবকেও রাখা হয়েছে এই তালিকায়। আরও রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় - যাঁরা একাধারে এই নির্বাচনে তৃণমূলের প্রার্থীও।
রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ একাধিক নেতার নামও রয়েছে এই তালিকায়। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, পার্থ ভৌমিক, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সিদ্দিকুল্লা চৌধুরী এবং বিরবাহা হাঁসদার মতো নেতাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারের ময়দানে নামার।
একই সঙ্গে তারকা ও জনমানসে পরিচিত মুখদের উপস্থিতিও এই তালিকায় যথেষ্ট চোখে পড়ার মতো। ইউসুফ পাঠান, দেব, ব্যারাকপুরের প্রার্থী রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট-গোপালপুরের প্রার্থী অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়, শতাব্দী রায়, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহার মতো পরিচিত ব্যক্তিত্বদেরও প্রচারের কাজে লাগাতে চলেছে দল।
সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগে এই তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিল - রাজনীতির অভিজ্ঞতা এবং জনপ্রিয়তার সমন্বয়ে তৈরি এক বহুমুখী প্রচার কৌশল নিয়েই তারা নামতে চলেছে নির্বাচনের লড়াইয়ে। এখন দেখার, এই তারকা সমাবেশ ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।