.webp)
মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজ্য বাংলায় কী চলছে? প্রশ্ন তোলেন রবিশঙ্কর প্রসাদ।
শেষ আপডেট: 12 August 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধর্ম পালন নিয়ে নিশানা করল বিজেপি। সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজ্য বাংলায় কী চলছে? এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হল। এবার ওখানে স্বচ্ছ তদন্ত হবে কি, প্রশ্ন তোলেন বিহারের পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ রবিশঙ্কর প্রসাদ।
তাঁর দাবি, আমার কাছে সব তথ্য আছে। ওখানে যে কমিটি গড়ে তোলা হয়েছে তাতে মনোবিদও রয়েছেন। ওখানকার ডাক্তাররা বলছেন, উনি রাতে আরাম করতে উপরে কেন গিয়েছিলেন? তিনি বলেন, রাত ২টো সময় যদি কারও শিফট শেষ হয়, তাহলে তিনি আরাম করতে যাবেন না তো কী করবেন? আমাদের অভিযোগ, ওই কমিটিতে তৃণমূলের কিছু সদস্যকেও রেখে দেওয়া হয়েছে। একজনকে পাকড়াও করে খাড়া করে দেওয়া হয়েছে। যার সম্পর্কে এখন নানান রকম কথা লেখা হচ্ছে। চারটি বিয়ে, তিনটি বিবাহ বিচ্ছেদ হয়েছে। এর মানে কী?
তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু এই ঘটনা এতটাই গুরুতর যে, দেশের ডাক্তাররা আজ এই ইস্যুতে কর্মবিরতি করছেন। আর বাংলায় তো সমস্ত মহিলা ডাক্তার ও অন্যরা আজ রাস্তায় নেমেছেন। প্রসাদ এরপর মমতাকে সরাসরি আক্রমণ করে বলেন, আপনার রাজ্যে বিপক্ষদের সঙ্গে কী করা হয়, তা তো আমাদের জানাই আছে। ভোটে কী হয়, আপনার সঙ্গে তো এ নিয়ে আমার কথাও হয়েছে। এবার ওখানে মেয়ে ডাক্তারদের সঙ্গেও কি অন্যায় হবে!
তিনি জোর দিয়ে বলেন, বাংলায় যা চলছে তা সরকারি মদপুষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি ছাড়া আর কিছু নয়। মুখ্যমন্ত্রীকে অভিযোগের হাড়িকাঠে চাপিয়ে রবিশঙ্করের অভিযোগ, আপনি এই ঘটনার উপযুক্ত পোস্টমর্টেম করাননি। রিপোর্ট ঠিক করে তৈরি হচ্ছে না। ডাক্তার কিছু বলছে, কিছু লোক সমাজের কথা বলছে। এসব হচ্ছেটা কী! কম করে মৃতকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন না আপনি, মমতাকে প্রশ্ন করেন বিজেপি নেতা।
তাঁর দাবি, বিজেপি চায় এই ঘটনার সিবিআই তদন্ত হোক। আমাদের রাজ্য নেতারাও সেই দাবির কথা জানিয়েছেন। মমতাজি আপনি বারবার সিবিআই তদন্ত থেকে পালিয়ে বেড়ান। এবার নৃশংসভাবে নিহত এক ডাক্তারকে অন্তত ন্যায় দিয়ে দিন। এই নৃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টাকে আমরা তীব্র নিন্দা করছি, বলেন প্রসাদ।
এদিন আর জি করের ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ান সর্বভারতীয় ডাক্তাররা। এর ফলে দেশের সর্বত্র চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে শামিল হন তাঁরা। দিল্লির ১০টি সরকারি হাসপাতালে এদিন সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়। জরুরি বা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য পরিষেবা বন্ধ রাখা হয়। রাজধানী শহরের মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, আরএমএল হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ, ভিএমএমসি এবং সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি, আইএইচবিএএস, ডঃ বাবাসাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজ ও ন্যাশ্যনাল ইনস্টিটিউট অফ টিবি অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতিতে শামিল হন।
রেসিডেন্স ডক্টর্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সকাল ৯টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। আরডিএ জানিয়েছে, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড ডিউটি স্তব্ধ হয়ে পড়েছে। শুধু এমার্জেন্সিতে কাজ চলছে। মুমূর্ষু রোগীর চিকিৎসাও করা হচ্ছে। ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর্স অ্যাসোসিয়েশন এই কর্মবিরতির ডাক দিয়েছিল। তাতে সাড়া দিয়ে আরডিএ এই আন্দোলনে শামিল হয়। কর্তব্যরত অবস্থায় কলকাতার আর জি কর হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে গর্জে উঠেছেন কলকাতার চিকিৎসকরাও। একইভাবে মুম্বইয়ের ডাক্তাররাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। প্রতিবাদীরা সব ডাক্তার ও কর্মীদের নিরাপত্তা দাবি করে স্লোগান দিচ্ছেন।