স্থানীয় এক তৃণমূল নেতাকে ‘ফুটো মস্তান’ বলে কটাক্ষ করে তিনি আরও বলেন, “চাইলে রেললাইনের ধারে পিটিয়ে চামড়া তুলে নেব। সন্ত্রাসের ফল কী হয়, সময় এলেই দেখবে।”
.jpeg.webp)
স্বপন মজুমদার।
শেষ আপডেট: 13 January 2026 17:27
প্রতীতি ঘোষ: তৃণমূলকে 'উচিত শিক্ষা' দিতে প্রকাশ্য সভামঞ্চ থেকে বেনজির হুঁশিয়ারি দিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumdar, MLA Bangaon South)।
সোমবার সন্ধ্যায় চাঁদপাড়া স্টেশনের কাছে বিজেপির এক পথসভা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কোনও তৃণমূলের হার্মাদ যদি বিজেপির কোনও কর্মী বা কর্তার গায়ে হাত দেয়, তাহলে দেরি না করে হাত মুচড়ে ছিঁড়ে নেবেন। আজ থেকে মার খাবেন না। মারতে এলে মেরে আসবেন। বাকি থানা-পুলিশের দায়িত্ব আমি বুঝে নেব।”
সভামঞ্চ থেকেই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ‘জুতো পেটা’ এবং ‘মেরে হাত ভেঙে দেওয়ার’ নিদান দেন বিজেপি বিধায়ক। এখানেই থামেননি তিনি। পুলিশের একটি অংশকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে সব পুলিশ টাকা খেয়ে তৃণমূলের হয়ে কাজ করে, সাবধান হয়ে যাও। তোমার বাবাও বাঁচাতে পারবে না।”
বক্তব্যের সূত্রপাত এলাকার এক বিজেপি কর্মী, টোটোচালক রাজুকে ঘিরে। স্বপনবাবুর দাবি, তৃণমূল নাকি রাজুকে হুমকি দিয়েছে, ২০২৬ সালের ভোটের পর এলাকায় টোটো চালাতে দেওয়া হবে না। সেই প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, “আমি ওই দিকে যেতে চাইছি না। তবে বলে যাচ্ছি, বিজেপি হেরেও গেলে যদি আমাদের কর্মীদের গায়ে হাত পড়ে, আমি বদলা নেবই। না হলে জীবনে আর এলাকায় মুখ দেখাব না।”
স্থানীয় এক তৃণমূল নেতাকে ‘ফুটো মস্তান’ বলে কটাক্ষ করে তিনি আরও বলেন, “চাইলে রেললাইনের ধারে পিটিয়ে চামড়া তুলে নেব। সন্ত্রাসের ফল কী হয়, সময় এলেই দেখবে।”
হুঁশিয়ারির সুরে স্বপন মজুমদার এও বলেন, বিজেপি ক্ষমতায় এলে “একটাকেও ছাড়া হবে না।” তাঁর কথায়, “কার বাপের কত বড় সাহস রয়েছে, তখন দেখা যাবে।”
এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, এটি সরাসরি হিংসায় উসকানি এবং আইনশৃঙ্খলা ভাঙার ডাক। দলের নেতারা নির্বাচন কমিশন ও পুলিশের কাছে অভিযোগ জানাতে চলেছেন বলে খবর।