নিকাশি সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 1 August 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: টানা এক মাসেরও বেশি সময় ধরে জমা জল (Waterlogged)। সেই জলেই 'নামলেন' বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ (Bjp Mla Bankim Ghosh)। নাকচ করলেন ট্র্যাডিশনাল ধর্না-মিছিলের পথ। শুক্রবার সকালে চাকদহ (Chakdaha) ভারতীয় সিনেমা হলের সামনে হাঁটুজলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদে সামিল হন বিধায়ক-সহ দলের কর্মী-সমর্থকেরা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই (Poor Drainage) চাকদহ বনগাঁ রোডের বিস্তীর্ণ অংশে জমে থাকে জল। স্থানীয় বাসস্ট্যান্ড থেকে ১২ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাঘাট কার্যত ডুবে যায়। ফলে, প্রতিদিন শতাধিক যাত্রীকে জলের মধ্যে দিয়েই পৌঁছতে হচ্ছে স্টেশন বা বাসস্টপে। ব্যাহত হচ্ছে দোকানপাটের ব্যবসাও।
প্রতিবাদে এদিন ওই জমা জলে সাঁতার কাটেন বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর কথায়, “প্রশাসনের কোনও হেলদোল নেই। তাই প্রশাসনের ঘুম ভাঙাতে আমাদের প্রতিবাদ চলবে, যত দিন না স্থায়ী সমাধান হয়।”
তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে এলাকার নিকাশির বেহাল অবস্থার বিরুদ্ধে এবং প্রশাসনের ‘উদাসীনতা’র বিরুদ্ধে এলাকার মানুষকে আরও বেশি করে সংগঠিত করা হবে।
নিকাশি সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “বর্ষা তো বহু দূরের কথা, সামান্য জল হলেই এই রাস্তা ডুবে যায়। দোকানে কেউ ঢুকতেই চায় না। আমরা ব্যবসা করব কী করে?”
আর এক বাসিন্দা জানালেন, “সকালে স্কুল-কলেজ বা অফিস যেতে হলে হাঁটুজল পেরিয়ে যেতে হয়। মাসের পর মাস প্রশাসনের কেউ খোঁজ নেয় না।”
এ ব্যাপারে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়ে দিয়েছেন, এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বিজেপির নেতৃত্বেই বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা।