খানাকুলে তুমুল উত্তেজনা! বিডিওকে টেবিল চাপড়ে হুমকি দিলেন বিজেপি বিধায়ক— অভিযোগ প্রশাসনের।

ফাইল চিত্র
শেষ আপডেট: 18 November 2025 21:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডেপুটেশন দিতে এসে বিডিও-র চেম্বারে ঢুকে রীতিমতো টেবিল চাপড়ে, চিৎকার চেঁচামেচি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনায় বিডিওর অফিস ঘরের মধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখা যায় চিৎকার চেঁচামেচিতে রীতিমতো জড়োসড়ো হয়ে বসে রয়েছেন বিডিও।
অভিযোগ, কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার গাছ কাটার অভিযোগ উঠেছিল।আর তাতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি অঞ্চলপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেখানে প্রধানের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠে।
এরই প্রতিবাদে মঙ্গলবার বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ বিডিওর কাছে হাজির হন। অভিযোগ তিনি রীতিমতো টেবিল চাপড়ে জানতে চান, কেন বিজেপি প্রধানকে দায়ী করা হচ্ছে। বিধায়ক দাবি করেন, "তৃণমূলের সাথে বিডিও যুক্ত হয়ে এই গাছ কেটেছে। আর তারপর আমাদের প্রধানকে দায়ী করছে। আমাদের দল কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়।"
গত ৭ নভেম্বর বিজেপি অঞ্চল প্রধান রামকৃষ্ণ মাইতির বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করে আরামবাগ বন দফতর। অবৈধভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার জেরে এদিন খানাকুল ১ নম্বর বিডিও অফিসে বিজেপির বিক্ষোভে শোরগোল পড়ে যায়। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, "বিজেপি এমনই বিশৃঙ্খল দল। ওঁদের লোকই গাছ কাটার সঙ্গে জড়িত। আবার ওরাই এসে গলাবাজি করছে।"