বিজেপির অন্দরমহলের খবর, গেরুয়া শিবিরের ইস্তেহারে মহিলাদের মাসিক আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে সরাসরি ৩০০০ টাকা করার কথা বলা হচ্ছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা ১,৫০০ থেকে ১,৭০০ টাকা পান।

আজ বিজেপির ‘মেগা’ ইস্তেহার
শেষ আপডেট: 10 April 2026 12:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) এবার বড় বাজি ধরতে চলেছে বিজেপি (BJP)। শুক্রবার সল্টলেকের এক পাঁচতারা হোটেলে বিজেপির নির্বাচনী ইস্তেহার (BJP Manifesto ) প্রকাশ হতে চলেছে। সূত্রের খবর, এই ইস্তেহারে মোট ১৫টি বিশেষ ঘোষণা থাকছে, যার মূল লক্ষ্য রাজ্যের মহিলা ও বেকার যুবকরা। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) মোকাবিলায় বিজেপি এবার সেই ভাণ্ডারের অর্থ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিতে চলেছে।
বিজেপির অন্দরমহলের খবর, গেরুয়া শিবিরের ইস্তেহারে মহিলাদের মাসিক আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে সরাসরি ৩০০০ টাকা করার কথা বলা হচ্ছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা ১,৫০০ থেকে ১,৭০০ টাকা পান। বিজেপি ক্ষমতায় এলে সেই অঙ্ক ৩ হাজারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্যত মহিলাদের ভোটব্যাঙ্কে ধস নামাতে চাইছে।
নারী সুরক্ষায় ‘মহিলা বাহিনী’ ও ফ্রি বাস রাইড
কেবল আর্থিক সাহায্যই নয়, নারী নিরাপত্তার বিষয়টিও ইস্তেহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজ্যে প্রতিটি ব্লকে বিশেষ ‘মহিলা সুরক্ষা বাহিনী’ গঠনের প্রস্তাব থাকছে। সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের (ফ্রি বাস রাইড) সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে। উচ্চশিক্ষায় উৎসাহ দিতে মেয়েরা স্নাতক বা গ্র্যাজুয়েশন (Graduation) স্তরে ভর্তি হলেই এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।
যুবকদের জন্য বেকার ভাতা ও সুদহীন ঋণ
রাজ্যের বেকারত্ব মেটাতে এবং যুবকদের স্বনির্ভর করতেও একাধিক চমক থাকছে বিজেপির ইস্তেহারে।
বেকার যুবকদের জন্য মাসে ৩০০০ টাকা করে ভাতার ঘোষণা করা হতে পারে।
যারা ব্যবসা করতে চান, তাঁদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদহীন ঋণ দেওয়ার প্রকল্পের কথা থাকছে বিজেপির এই সংকল্প পত্রে।
বিজেপির এই ১৫ দফা ঘোষণা বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দেয়, এখন সেটাই দেখার। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে এই মেগা স্কিমগুলো কি ঘাসফুল শিবিরের ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারবে? উত্তর মিলবে ভোটবাক্সে।