সম্প্রতি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনার আবহেই বিস্ফোরক দাবি করেছিলেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার।

রাজন্যা হালদার ও সজল ঘোষ।
শেষ আপডেট: 12 July 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার (TMCP's expelled leader, Rajnya Halder) কি বিজেপির দিকে ঝুঁকছেন? সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন ঘোরাফেরা করছে সর্বত্র। সেই জল্পনায় যেন ঘি ঢাললেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। শুক্রবার হঠাৎই রাজন্যাকে ফোন করেন তিনি। ফোনালাপ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
তবে বিষয়টি নিয়ে কোনও দলীয় সিদ্ধান্ত হয়েছে কি না, সে প্রশ্নে সজল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন—“দলে যোগদানের বিষয়ে কোনও আলোচনা হয়নি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। বহুবার একসঙ্গে টিভি বিতর্কে গিয়েছি। ওর বক্তব্য শুনে মনে হল থানায় অভিযোগ করা উচিত ছিল। সেটাই ওকে বলেছি।”
রাজন্যা বিজেপিতে যোগ দিচ্ছেন? সজল বলেন, “আমি তো দলে কাউকে নেওয়ার ক্ষমতায় নেই। ও যদি যোগ দিতে চায়, সেটা দল দেখবে। আমি তো একজন সাধারণ কর্মী। কিন্তু রাজন্যা ভাল কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে। সেটা আলাদা বিষয়।”
রাজন্যার বিতর্কিত ছবি প্রসঙ্গে তিনি বলেন, “ছবিটা এআই-এ তৈরি হোক বা আসল, ওর উচিত ছিল প্রথমেই থানায় অভিযোগ করা। তৃণমূলের লোকজনকে এটা নিয়ে রাজনীতি না করতে দেওয়ায় ভাল।”
সম্প্রতি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনার আবহেই বিস্ফোরক দাবি করেছিলেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। তাঁর অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি বানিয়ে তা কলেজের জুনিয়রদের দেখানো হত। রাজন্যার এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। তৃণমূলের অন্দরমহলেও ছড়ায় শোরগোল। রাজন্যার বিরুদ্ধে মুখ খোলেন দলেরই একাংশ। এই আবহেই সজলের ফোনে নতুন করে রাজন্যা-যোগে জল্পনা তুঙ্গে। যদিও এ ব্যাপারে রাজন্যার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।